শৈলকূপায় ভিজিএফ’র কার্ডের ভাগাভাগী নিয়ে তুমুল সংঘর্ষ

আহত ৬০, বিএনপির ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-03-14 ইং
শৈলকূপায় ভিজিএফ’র কার্ডের ভাগাভাগী নিয়ে তুমুল সংঘর্ষ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চর গোলকনগর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। এ অবস্থায় গতকাল শুক্রবার সকালে পুলিশ ও সেনাবাহীনির যৌথ অভিযান চালিয়ে চর গোলকনগরসহ আশপাশের গ্রাম থেকে ১৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।


শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা খবর নিশ্চিত করে জানান, ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফ’র চালের কার্ড ভাগাভাগি নিয়ে মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডলের সাথে যুবদল নেতা শামীম লস্করের সামাজিক বিরোধ ছিল। ইউনিয়ন পরিষদ থেকে সরকার নির্ধারিত ভিজিএফ কার্ড ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডল নিয়ে আসেন। গত বৃহস্পতিবার সকালে এ কার্ডের একটি অংশ শামীম দাবি করেন বিএনপি নেতা সায়েমের নিকট। কিন্তু সায়েম তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসী একটি আলোচনা সভায় বসার মধ্যেই স্থানীয় বিএনপি নেতা সায়েম মন্ডল ও যুবদল নেতা শামীম লস্করের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


ওসি আরও জানান, তিন ঘণ্টার এ সংঘর্ষে সানোয়ার মোল্যা, শরিফুল ইসলাম, শহিদুল, জামিরুল, রাবিউল ইসলাম, রাশেদ আলী, আবুল হাশেম, তোয়াজ উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুল ইসরাম, কারীউল্লাহ, আলফাজ লস্কর, তপন জোয়ার্দ্দার, হাফিজুর, দুলাল শাহ, মতিয়ার রহমান, লাল্টু শাহ ও বদিউজ্জামানসহ অনন্তত ৬০ ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


যুবদল নেতা শামীম লস্কর অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ থেকে ১৫০টি ভিজিএফ কার্ড সংগ্রহ করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডল। কার্ড দাবি করা নিয়ে সায়েম ক্ষুদ্ধ হন এবং চড়িয়ারবিল বাজার থেকে বাড়ি ফেরার সময় তার ওপর হামলা করা হয়। অন্যদিকে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডল বলেন, তিনি ইউনিয়ন পরিষদ থেকে ১৫০টি ভিজিএফ কার্ড পান। এরমধ্য থেকে তিনি নিজে রাখেন ৭৫টি আর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবি মন্ডলকে ৭৫টি দেন। কিন্তু যুবদলের শামীম তার কাছে অতিরিক্ত কার্ড দাবি করেন। তা না দিতে পারায় সারাদিন সে তার বিরুদ্ধে মহড়া দিতে থাকে। সন্ধ্যায় শামীম চড়িয়ারবিল বাজার থেকে মোটরসাইকেলের বহরসহ গ্রামে ফিরে হামলা চালায়। এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মারামারি হয়।


শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। আমরা বলেছি, অপরাধী যেই হোক, আইনের আওতায় তাকে আনতে হবে।


শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্যা বলেন, ভিজিএফ-এর কার্ড বিতরণ নিয়ে চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধপুর্ন গ্রামে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)