দামুড়হুদার দলিয়ারপুরে সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ

সন্ধ্যায় তামাক খেতে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

আপলোড তারিখঃ 2026-03-14 ইং
দামুড়হুদার দলিয়ারপুরে সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামে একটি তামাক খেতে হাত-পা বাঁধা অবস্থায় জায়দা খাতুন (৫২) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের মাঠে মৃত শরিফ উদ্দিনের তামাক খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়দা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার সকালে জায়দা খাতুন ঘাস কাটতে বাড়ি থেকে মাঠে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ইফতারের সময় হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের মাঠে একটি তামাক খেতে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দামুড়হুদা মডেল থানা ও দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয়রা তামাক খেতের ভেতর থেকে তার হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়দা খাতুন নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)