ভাংবাড়ীয়ায় দিয়াশলাই দিয়ে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণ

তিন শিশু-কিশোর গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

আপলোড তারিখঃ 2026-03-09 ইং
ভাংবাড়ীয়ায় দিয়াশলাই দিয়ে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় দিয়াশলাইয়ের বারুদ দিয়ে পটকা তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন শিশু-কিশোর গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের মিলপাড়া এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দকে কেন্দ্র করে কয়েকজন শিশু খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে দেশীয় পদ্ধতিতে পটকা তৈরির চেষ্টা করছিল। পরে তারা নবনির্মিত মসজিদের ছাদে উঠে সেটি ফোটানোর প্রস্তুতি নেয়। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তিন শিশু গুরুতর আহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা হলেন- ভাংবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র রনক (১৩), উজ্জ্বল আলীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র হোসাইন (১০) এবং আমদ আলীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র লাল মিয়া (১০)।


বিস্ফোরণের তীব্রতায় রনক নামের কিশোরের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয়রা জানান। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এসময় রনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়। অপর দুই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি এ ধরনের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, কৌতূহলবশত অনেক শিশু ইউটিউব বা বড়দের দেখে এসব ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। তিনি আরও বলেন, দিয়াশলাইয়ের বারুদ কিংবা দেশীয়ভাবে তৈরি পটকা অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানরা কোথায় যাচ্ছে এবং কী ধরনের খেলাধুলা করছে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা।


এদিকে, এ ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে শিশুদের দূরে রাখার ওপর জোর দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)