দর্শনায় বিএনপি নেতাকে কু*পিয়ে হ*ত্যাচেষ্টা

প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
দর্শনায় বিএনপি নেতাকে কু*পিয়ে হ*ত্যাচেষ্টা ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বিএনপি নেতা রিপনকে (৪৫) কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি খাইরুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খাইরুল ইসলাম (৩৫), হাশেম আলী (৫৬), আব্দুল কুদ্দুস (৩০) ও শরিফুল ইসলাম (২৮)। তারা সবাই দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহায়তায় এবং মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়।


উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মান্নানের ছেলে রিপন ইফতার শেষে ঈশ্বরচন্দ্রপুর বড় জামে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রধান ফটকের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন হামলাকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পূর্ব বিরোধ ও রাজনৈতিক উত্তেজনার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।


ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই দর্শনা পৌর বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় আহত রিপনের ভাই রুবেল বাদী হয়ে খাইরুল, হাশেম, কুদ্দুস ও শরিফুলসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেন।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)