ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে হাচান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাচান আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে খোরদ গ্রামে শ্বশুরবাড়ি- অর্থাৎ নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাচান তার নানা লাল্টু হোসেনের সঙ্গে স্থানীয় একটি ভোটকেন্দ্রে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে তারা দু’জন বাড়িতে ফিরে আসেন। ফেরার পথে বাজার থেকে বড়া-ভাজাসহ কিছু নাস্তা কেনা হয়। বাড়িতে ফিরে হাচান সমবয়সী শিশুদের সঙ্গে উঠানে লুকোচুরি খেলতে শুরু করে।
খেলার একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট পুকুরের দিকে চলে যায়। অসাবধানতাবশত পুকুরে পড়ে গেলে সে আর উঠে আসতে পারেনি। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে তড়িঘড়ি করে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নানাবাড়ীতে বেড়াতে এসে এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো খোরদ গ্রামসহ শেখপাড়া এলাকায় শোকের মাতম চলছে।
