রাজধানীর সাতটি সংসদীয় আসনে পৃথক নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ঢাকায় ৪০টি খেলার মাঠ, হাসপাতাল ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি

আপলোড তারিখঃ 2026-02-09 ইং
রাজধানীর সাতটি সংসদীয় আসনে পৃথক নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছবির ক্যাপশন:

নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা, ৪০টি খেলার মাঠ নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ এবং একাধিক সরকারি হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি তুরাগ নদীর ওপর একটি সেতু নির্মাণের অঙ্গীকারও করেন। গতকাল রোববার দিনব্যাপী ঢাকার সাতটি সংসদীয় আসনে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন। বিকেলে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে নিজের নির্বাচনী এলাকা থেকে প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে ঢাকা-১৬, ১৫, ১৪, ১৩, ১২ এবং সর্বশেষ ঢাকা-১১ আসনের বাড্ডার সান ভ্যালি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।


ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরকে এমন একটি নিরাপদ নগরীতে পরিণত করবো, যেখানে মা-বোনরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন, মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।” তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশু-কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের হাঁটার সুযোগ তৈরি হয়।


নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন সড়ক পর্যন্ত রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে ঢাকা-১৬ আসনে একটি হাসপাতাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং আবাসন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


ঢাকা-১৫ আসনের কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান হাসপাতাল নির্মাণ ও ১০০ ফিট প্রশস্ত রাস্তা তৈরির ঘোষণা দেন।
ঢাকা-১৪ আসনের মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দ্রুত একটি সরকারি হাসপাতাল নির্মাণ এবং তুরাগ নদীর ওপর সেতু স্থাপনের কাজ শুরু করা হবে।
বক্তব্যে তিনি একটি গোষ্ঠীর বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেন এবং ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন ভোটের ফল পাল্টাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে একটি নিরাপদ দেশ গড়তে চায়। জলাবদ্ধতা নিরসন, নিরাপদ সড়ক ও মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য।


ঢাকা-১২ আসনের তেজগাঁও পলিটেকনিক মাঠে তিনি বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন। বিএনপি ছাড়া অন্য কোনো দলের মানুষের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট কর্মসূচি নেই।
ওদিকে তারেক রহমানের ৭টি জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে এসব এলাকায় থানা বিএনপি এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা, ধানের শীষ নিয়ে এবং মাথায় ক্যাপ পরে সভায় অংশ নেন। এ ছাড়া জনসভাকে ঘিরে এসব এলাকায় এবং এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা গেছে। 


জনসভায় বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, ড. মাহদী আমিন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। ইসিবি চত্বরে পথসভায় সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এসব জনসভায় জুলাই-আগস্ট গণ—অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)