ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান বাবু খানের নির্বাচনী প্রচারণা জোরদার করতে জীবননগরের হাসাদাহে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ বাজারে অবস্থিত হাসাদাহ ইউনিয়ন বিএনপির নিজস্ব পার্টি অফিসে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে নেতা-কর্মীদের মধ্যে মতবিনিময় করা হয়।
জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মঞ্জু সিদ্দিকী মিলনের নেতৃত্বে এ মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন রশিদ, সদস্যসচিব শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক রাজন আহম্মদসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়া হাসাদাহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু সিদ্দিকী মিলন বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান বাবু খান একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাবু খানের পক্ষে কাজ করবেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁর জন্য ভোট চাইবেন। তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনমুখী হয়েছে। এই আন্দোলন-সংগ্রামে সকল নেতাকর্মীকে তেখেত মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
