ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বিনোদনের স্থান ‘পৌর পার্ক’ আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। আলমডাঙ্গা বধ্যভূমি ও লালব্রিজ সংলগ্ন এই পার্কটির একদিকে কুমার নদের প্রাকৃতিক সৌন্দর্য্য আর নীল আকাশ, অন্যদিকে ঐতিহাসিক বধ্যভূমি ও লালব্রিজের গৌরবময় উপস্থিতি সব মিলিয়ে এক অপূর্ব নান্দনিকতার হাতছানি থাকলেও অবকাঠামোগত অভাবে তা দর্শনার্থীদের জন্য এখনো পুরোপুরি উপযোগী হয়ে ওঠেনি।
গতকাল সোমবার পার্কটির নির্মাণস্থানে গিয়ে দেখা যায়, সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় পড়ে আছে। স্থানীয় নাগরিকদের মতে, পৌর প্রশাসনের ধারাবাহিক তদারকির অভাবে পার্কটির উন্নয়ন কাজ থমকে আছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার প্রাক্তন প্রশাসক শেখ মেহেদী ইসলাম বদলির আগে এই পার্কটির সংস্কারের আশ্বাস দিয়েছিলেন এবং সে লক্ষ্যে একটি বিশেষ বরাদ্দও অনুমোদন করে গিয়েছিলেন। তবে সেই বরাদ্দের অধীনে পার্কের দৃশ্যমান কোনো সংস্কার কাজ এখনও শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বর্তমানে নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার দায়িত্ব গ্রহণের পর পৌরসভার পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এতে আশার আলো দেখছেন আলমডাঙ্গাবাসী।
পৌর পার্কের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, ‘কুমারী ইউনিয়ন ও পৌরসভার সীমানা জটিলতা থাকায় কাজের অগ্রগতি হচ্ছে না। এ সংকট কেটে গেলে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।’ তিনি আরও জানান, ‘আলমডাঙ্গাবাসীর অবকাশ যাপনের সুবিধার্থে পার্কটিকে একটি পূর্ণাঙ্গ এবং আধুনিক অবকাঠামোতে রূপান্তর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
ছাত্রপক্ষের রাকিব মাহমুদ বলেন, ‘শহরের শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষের জন্য একটি সুস্থ বিনোদন কেন্দ্র হিসেবে এই পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্রুত সংস্কার ও পূর্ণাঙ্গ পার্ক হিসেবে এর আত্মপ্রকাশ এখন সময়ের দাবি।’ আলমডাঙ্গাবাসী প্রত্যাশা করছেন, বর্তমান প্রশাসনের হাত ধরেই কুমার নদের সৌন্দর্য্য বধ্যভূমির ও লালব্রিজের ইতিহাস নিয়ে গড়ে উঠবে এক আধুনিক পৌর পার্ক।
