চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১২টি দলের অংশগ্রহণে টানটান লড়াই

আপলোড তারিখঃ 2026-01-19 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।


ব্যাডমিন্টন টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে। নক-আউট পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতাগুলো টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘গ্রুপ-অ’-তে সদর ট্রাফিক-১ বনাম চুয়াডাঙ্গা থানা, পুলিশ লাইন্স-১ বনাম আলমডাঙ্গা থানা এবং সদর কোর্ট বনাম দামুড়হুদা থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় সদর ট্রাফিক-১, পুলিশ লাইন্স-১ ও দামুড়হুদা থানা বিজয়ী হয়।


অন্যদিকে ‘গ্রুপ-ই’-তে সার্কেল অফিস বনাম পুলিশ লাইন্স-২, সদর ট্রাফিক-২ বনাম ডিবি/ডিএসবি এবং জীবননগর থানা বনাম পুলিশ অফিসের মধ্যকার খেলায় পুলিশ লাইন্স-২, ডিবি/ডিএসবি ও জীবননগর থানা জয়লাভ করে। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)