ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পর্ব ধারণ করা হবে। বাংলাদেশ টেলিভিশন-বিটিভির শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পর্ব আজ শনিবার (৬ ডিসেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের নাটুদহ হাজারদুয়ারি মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ আমন্ত্রিত দর্শকদের উপস্থিতিতে পর্ব ধারণ করা হবে। এই উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ফাগুন অডিও ভিশনের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় এ অনুষ্ঠানের পর্ব ধারণ করার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের বিখ্যাত ও সর্বাধিক জনপ্রিয় এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরেই দেশের নানা জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের গল্প তুলে ধরে আসছে। এবার সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার ঐতিহ্য, মানুষ ও সম্ভাবনার নানা দিক ‘ইত্যাদি’র পরবর্তী পর্বে স্থান পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে ব্যাপক উচ্ছ্বাস, কারণ ‘ইত্যাদি’র মতো জাতীয় জনপ্রিয় অনুষ্ঠানে চুয়াডাঙ্গার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনকে নতুন করে দেশব্যাপী পরিচিত করে তোলার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
একাধিক সূত্র নিশ্চিত করেছে, চুয়াডাঙ্গার দৃশ্য, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি এবং জেলার বিভিন্ন ইতিবাচক দিক এবারের পর্বে বিশেষভাবে ফুটে উঠবে। ধারণ শেষে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে পরবর্তী সময়ে প্রচার করা হবে।
