ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সানরাইজ মেডিকেল কেয়ার ও সৌদি অটোর কর্মীদের সাথে নির্বাচনী মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় শহরে লাভলী টাওয়ারে অবস্থিত সানরাইজ মেডিকেল কেয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৌদি অটোর স্বত্ত্বাধিকারী সামসুল আলম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে দেশ আবারও সঠিক গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে আমি আশা করি। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একটি দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন, আর সেই নেতৃত্বের প্রতীক ধানের শীষ।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা দীর্ঘদিন ধরেই অবহেলিত ও পিছিয়ে থাকা একটি জেলা। এই অঞ্চলের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে এবার পরিবর্তনের বড় সুযোগ এসেছে। চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমার ভাই শরীফুজ্জামান শরীফ এই জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। আমি বিশ্বাস করি, এখানকার জনগণ উন্নয়নের এই সুযোগ হাতছাড়া করবেন না।’
সাহিদুজ্জামান টরিক উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যে যেখানেই কাজ করেন, দেশে বা বিদেশে- এই জেলার প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। উন্নত চুয়াডাঙ্গা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মন্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সহসভাপতি রফিক রহমান, সানরাইজ মেডিকেল কেয়ারের পরিচালক আমীর হোসেন সুমন, ব্যবসায়ী রতন আলী ও আল জাজিরা এন্টারপ্রাইজের সাদিক হাসান। এছাড়া মতবিনিময় সভায় সৌদি অটো, সানরাইজ মেডিকেল কেয়ার, সৌদি পোল্ট্রি ফিডে কর্মরত কর্মীরাসহ বিভিন্ন ব্যবসায়ী ও টেকনেশিয়ানরা উপস্থিত ছিলেন।
