ছবির ক্যাপশন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার বিকেল চারটায় ইউনিয়নে পথসভা, ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন এবং মহিলা দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
পথসভা ও কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে। নারীরাই সমাজের প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করতে পারেন। পরিবার, সমাজ এবং রাষ্ট্র- সব জায়গায় তাদের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। নির্বাচনী মাঠে নারীরা যত সক্রিয় হবেন, তত বেশি সচেতন ভোটার তৈরি হবে। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে-নারীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবেন, ভোটারদের কাছে সত্য ও সঠিক তথ্য তুলে ধরবেন। নারীদের সোচ্চার উপস্থিতি এই নির্বাচনে জয়ের প্রধান শক্তি হতে পারে।
তিনি আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চুয়াডাঙ্গা-১ আসনের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান বদলে দেওয়া হবে। মুক্ত অর্থনীতি, স্বচ্ছ প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ এবং নাগরিক অধিকার পুনরুদ্ধারের মধ্যদিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য দেশ গড়ে তোলা হবে। চুয়াডাঙ্গার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা ঘোচাতে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন, আর এই উন্নয়ন নিশ্চিত করতেই বিএনপি বদ্ধপরিকর।’
পথসভায় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মিজানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, কৃষক দল সভাপতি জাকির হোসেন, মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।
হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন, সাধারণ সম্পাদক ছবিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন আলী এবং প্রচার সম্পাদক সেলিম রেজা। এদিকে, ইউনিয়নের ১, ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পথসভা চলাকালে বিপুল সংখ্যক স্থানীয় জনগণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ এখন ধানের শীষের প্রতি আশাবাদী। পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপির বিকল্প নেই।
পরে অনুষ্ঠিত হয় ইউনিয়ন মহিলা দলের নেত্রী ও কর্মীদের নিয়ে মতবিনিময় সভা। নারী নেত্রীরা বলেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। গ্রামপর্যায়ে নারী ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
