মেহেরপুর সদরের রাজনগরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে বিপত্তি

এক পরিবারের তিন বোনসহ ৪ শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2025-11-10 ইং
মেহেরপুর সদরের রাজনগরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে বিপত্তি ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে চার শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন বোন এবং পাশের বাড়ির এক মেয়ে রয়েছে। দুর্ঘটনাটি ঘটে গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মসুরিভাজা বিল এলাকায়। নিহতরা হলো- অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) এবং আলেয়া (১০)। নিহত ফাতেমা ও আফিয়া মল্লিকপাড়ার কৃষক আব্দুস সামাদের মেয়ে, আলেয়া সামাদের বড় ভাই ও ইরাক প্রবাসী শাহারুলের মেয়ে এবং মিম একই এলাকার ইছাহকের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের পর চার শিশু একসঙ্গে বিলের পানিতে শাপলা ফুল তুলতে যায়। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে স্থানীয়রা বিলের ধারে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময়ের মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার হয়। দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের একটি দল এসে শেষ শিশুটির মরদেহ উদ্ধার করে।


এই ঘটনায় পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। একই পরিবারের তিন বোনসহ চার কন্যাশিশুর এমন মৃত্যুতে গ্রামজুড়ে চলছে আহাজারি ও শোকের মাতম। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওরা প্রতিদিনই বিকেলে বিলের পাশে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি, একসঙ্গে চারটা লাশ ফিরে আসবে।’


খবর পেয়ে মেহেরপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন নিহত পরিবারের বাড়িতে যান। তিনি জেলা বিএনপি এবং ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ও সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে পিচ্ছিল কাদায় পড়ে তারা পানিতে তলিয়ে যায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)