৪২ কোটি টাকার চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এখন পরিত্যক্ত জঙ্গল

কার্যক্রম শুরু হয়নি চার বছরেও, নষ্ট হচ্ছে অবকাঠামো

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
৪২ কোটি টাকার চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এখন পরিত্যক্ত জঙ্গল ছবির ক্যাপশন:

সরকারের ৪২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এখন পরিত্যক্ত জঙ্গল। চার বছর আগে নির্মাণকাজ শেষ হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে এখনো কার্যক্রম চালু হয়নি। ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি, বিপরীতে নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো।


২০২১ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ২৫.২ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। পরের বছর ৫ ক্যাটাগরিতে ৭৮টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে ৩১টি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় ৬ জনের বরাদ্দ বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ জন উদ্যোক্তার মধ্যে ২২ জনই খালি প্লট ফেলে রেখেছেন। কেবল ৭টি ভবন নির্মাণকাজ করলেও সেখানে মাত্র  ৩টি কারখানা চালু হয়েছে।

এদিকে দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে গোটা এলাকা এখন আগাছায় ভরে গেছে। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অনিয়ম, নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়েছেন। স্থানীয়রা জানান, ‘বিসিক এখন জঙ্গলে পরিণত হয়েছে। এখানে বিনিয়োগ করা মানে ঝুঁকির মধ্যে পড়া।’


চুয়াডাঙ্গা বিসিকের উপ-ব্যবস্থাপক এবিএম আনিসুজ্জামান বলেন, ‘বিসিকের শতভাগ প্লটের মধ্যে ৪০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিগুলো অল্প সময়ের মধ্যে বরাদ্দ হয়ে যাবে। আর যে সমস্ত প্লট বরাদ্দ নিয়েও যারা কাজ শুরু করেনি, তাদেরকে বলা হয়েছে যদি সময়ের মধ্যে কাজ শুরু না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারখানাগুলো চালু হলে জেলার মানুষের কর্মসংস্থানও বাড়বে।’


উল্লেখ্য, সরকারের ৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পনগরী চালু না হওয়ায় এখন তা আগাছায় আচ্ছাদিত ও নির্জিব পড়ে আছে, যেন এক পরিত্যক্ত প্রকল্পের দৃষ্টান্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)