চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় রাস্তায় জলাবদ্ধতা; ভোগান্তি

বাড়িঘর ও পুকুর ভরাটে বন্ধ পানি নিষ্কাশন, দিশেহারা এলাকাবাসী

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় রাস্তায় জলাবদ্ধতা; ভোগান্তি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামের ক্লাবমোড় এলাকায় দীর্ঘদিন ধরে বর্ষার পানিতে সড়ক ডুবে যায়। চারপাশে বাড়িঘর নির্মাণ ও পুকুর ভরাটের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ বয়ে আনে। শিক্ষার্থীদের যাতায়াত থেকে শুরু করে মসজিদগামী মুসল্লি, গরু-বাছুর নিয়ে যাতায়াতকারীরাও প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ সমস্যা চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্থানীয়রা জানান, চারপাশে ঘরবাড়ি গড়ে ওঠায় পানি নিষ্কাশনের ব্যবস্থা আর নেই। ফলে বৃষ্টির পানি জমে রাস্তাটি ডুবে যায়। পাশে একটি পুকুর থাকলেও সেটিও উপচে পড়ায় ভোগান্তি বেড়েছে আরও। একদিন বৃষ্টি হলেই রাস্তায় যতটুকু পানি জমে তা শুকিয়ে রাস্তা চলাচলের উপযোগী হতে তখনো এক সপ্তাহ আর কখনো ১ মাসও সময়ে লেগে যায়। 

ভুক্তভোগী বাসিন্দাদের একজন মোহরম আলী। তিনি বলেন, ‘রাস্তার এই অবস্থার কারণে মানুষের চলাচল কঠিন হয়ে গেছে। গরু-বাছুর নিয়ে যাতায়াতেও সমস্যা হয়। মুসল্লিরা নামাজে যেতে পারে না। আশেপাশের সব পুকুর ভরাট হয়ে যাওয়ায় পানি জমে আছে রাস্তায়। আমরা স্থায়ী সমাধান চাই।’

আকতার হোসেন বলেন, ‘দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে। আগে পানি নীচু স্থানে চলে যেত, কিন্তু আশেপাশে বাড়িঘর হওয়ার পর তা আর যাচ্ছে না। রাস্তার পানিতে বর্জ্য মিশে যাওয়ায় নামাজে যাওয়া কষ্টকর। পাইপ বসিয়ে সাময়িক সমাধান করা হলেও এখন বৃষ্টির মৌসুমে পুকুর ভরে গেছে।’

মুক্তার হোসেন বলেন, ‘আগে পাশের পুকুরে বর্ষার পানি যেত। কিন্তু পুকুরটি ভরাট করে দেওয়ায় পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। মেম্বারকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। আমরা চাই দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।’ 

এ বিষয়ে আলুকদিয়া ইউপির ২নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন বলেন, ‘বর্ষায় এ রাস্তায় সত্যিই অনেক পানি জমে। আগে প্লাস্টিক পাইপ বসানো হলেও পানি নামতে সময় লাগে। এতে স্কুলগামী শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ে। এলাকাবাসী যদি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি পিচ হবে না, তবে ইট তুলে বালি দিয়ে উঁচু করে হেডিং রাস্তা করলে সমস্যা কিছুটা লাঘব হবে। বিষয়টি ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে।’ 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)