ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গাসহ সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে জেএসসি/জেডিসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার থেকে চুয়াডাঙ্গাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার সারাদেশে ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন। আর গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার। এবার সারাদেশে মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর জেএসসিতে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। তার মধ্যে ছাত্র ৯ লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। অন্যদিকে জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ছাত্র ১ লাখ ৭৩ হাজার ৪২২ জন ও ছাত্রী ২ লাখ ৫ হাজার ১০১ জন রয়েছেন।
দেশের বাইরের নয়টি কেন্দ্রে এবার ৬৫৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হবে।
এদিকে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বাধ্যতামূলক পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আগামি ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবার চুয়াডাঙ্গা জেলার ৩৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৭৩ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে ৪ হাজার ৯৫৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৬টি কেন্দ্র/ভেন্যুতে ৪ হাজার ৩৩৭ জন, দামুড়হুদা উপজেলার ৭টি কেন্দ্র/ভেন্যুতে ৩ হাজার ৫৫০ জন ও জীবননগর উপজেলার ৮টি কেন্দ্রে ২ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। সর্বমোট ১৫ হাজার ২১৭ জন জেএসসি পরীক্ষার্থী এবং জেলার ৫টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা দেবে ১ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী।
কোন কেন্দ্র/ভেন্যুতে কত জন পরীক্ষার্থী: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়/ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে- ১ হাজার ৫৪০ জন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়/আদর্শ উচ্চ বিদ্যালয়/ চুয়াডাঙ্গা একাডেমি ভেন্যুতে- ১ হাজার ৫৭০ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়/সাদেমননেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়/সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে- ৭২০ জন ও সাদেমাননেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়/সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে- ১ হাজার ১২৪ জন। আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৮৫জন, আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৫৯ জন, মুন্সিগঞ্জ একাডেমি/মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ১ হাজার ২৬৫ জন, হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৮২৮ জন। দামুড়হুদা উপজেলার দামুড়হুদা পাইলট হাইস্কুল কেন্দ্রে ৭৬৪জন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল ও কলেজ/আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজ ভেন্যুতে ১ হাজার ৪৮ জন, দর্শনা মেমনগর বিডি হাইস্কুল/দর্শনা বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৯০৩ জন ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়/কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৮৩৫ জন। জীবননগর উপজেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়/জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৭৪৭ জন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়/আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ৫০৮ জন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়/হাসাদাহ ফাজিল মাদ্রাসা ভেন্যুতে ৪২৫ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৬০ জন এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৬ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে।
জেডিসি পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা: চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৭৮ জন, আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৩৩ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৫৪ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৩০৮ জন ও জীবননগর উপজেলা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৮৩ জন।
এ ব্যাপারে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জানান, পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও মনোরম পরিবেশে গ্রহণ করতে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কোন প্রকার নকল ও অসাধুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে বোরকা পরিহিত মেয়েদের সঙ্গে থাকা প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে তাদের মুখ মিলিয়ে তারপর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এবার ত আকৃতিতে পরীক্ষার্থী বসানোর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রগুলোতে আসন বিন্যাস করা হয়েছে। পরীক্ষার্থীরা কলম, প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন কিছু সংগে আনতে পারবে না। কেন্দ্র সুপার ও হল সুপার ব্যতীত অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
