সক্রিয় আওয়ামী ক্যাডাররা

নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা

আপলোড তারিখঃ 2025-08-10 ইং
সক্রিয় আওয়ামী ক্যাডাররা ছবির ক্যাপশন:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার মন্ত্রী-এমপিদের কয়েকজন গ্রেপ্তার হলও কয়েকশ ভারতসহ বিভিন্ন দেশে পালিয়েছে। কিন্তু এখনো দেশে রয়ে গেছে ১৫ বছর ধরে হাসিনার হাতেগড়া সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর। এমনকি শীর্ষ সন্ত্রাসী যাদের জেল থেকে মুক্তি দিয়েছিল হাসিনা গং তাদের অনুসারী ক্যাডাররা এখনো সক্রিয়। ফেনীর নিজাম হাজারী, নারায়ণগঞ্জের শামীম ওসমান, গাজীপুরের জাহাঙ্গীর আলম, মোহাম্মদপুরের জাহাঙ্গীর কবির নানকসহ যাদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছিল, সে বাহিনীর সদস্যরা পালায়নি। তারা এখনো সন্ত্রাস করছে। এরই মধ্যে জাহাঙ্গীর হুমকি দিয়েছেন, ‘আওয়ামী লীগ থাকতে না পারলে ঢাকার মানুষকে ঘুমাতে দেয়া হবে না।’ ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে, কলকাতা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের ভেতরে বৃহৎ একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছেন। কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার পর আওয়ামী লীগের ছায়ার নিচে জন্ম নেয়া সন্ত্রাসীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শত শত মানুষের সামনে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যার ঘটনা অ্যালার্মিং। জাহাঙ্গীরের হুঙ্কারের পর তাকে গ্রেপ্তার করা হলে সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। নির্বাচন ইস্যুতে সন্ত্রাসীদের ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা নির্বাচন পেছানোর দাবি করছেন, তাদের ছায়ার নিচে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। রাজনীতিতে একটি প্রবাদ চালু রয়েছে- সন্ত্রাসীদের কোনো দল নেই; যখন যারা ক্ষমতায় থাকে সন্ত্রাসীরা তাদের শেল্টারে থেকে অপরাধ করে থাকে।’


অনুসন্ধান করে এবং বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসিনার ক্ষমতাচ্যুতির এক বছরের মাথায় বিএনপি, জামায়াত ও এনসিপির কতিপয় নেতার শেল্টারে আওয়ামী লীগ সন্ত্রাসীরা খুন, চাঁদাবাজি, দখল ও ছিনতাইসহ নানা অপরাধের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সেক্টরে পতিত আওয়ামী লীগের সুবিধাভোগীরা নানা কৌশলে শেল্টার দিচ্ছে এসব সশস্ত্র ক্যাডারকে। ফলে রাজধানীসহ সারা দেশেই বেপরোয়া আওয়ামী লীগের দখলদার, চাঁদাবাজ ও খুন-গুমের সহযোগীরা। আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ নেতৃত্বের বড় অংশ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছে।


জানতে চাইলে র‌্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে থেকে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে র‌্যাব সক্রিয় রয়েছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে ধরে নিয়ে সারা দেশে অপরাধ দমনে কাজ করছি।’ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‌্যাব সারা দেশে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ নেতা-কর্মীদের একটি অংশ গ্রেপ্তার হয়ে কারাগারে। তাদের বিচার চলছে। সেখানে থেকেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় অফিস চালু করায় এরা আরো সক্রিয় হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে দেশে আতঙ্ক তৈরি করতে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা, গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের উপর হামলা, পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যার পর উল্লাসসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে খুন, চাঁদাবাজি ও দখলের ঘটনায় জনমনে ক্রমেই বাড়ছে উদ্বেগ। আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র।


অপরাধ ও সামাজিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগ নিয়ে আওয়ামী ক্যাডার ও পেশাদার অপরাধীরা বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় চাঁদাবাজ নেতার শেল্টার নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দেশে জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রকাশ্যে হত্যা, দখল, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, লুটপাট ও মব সন্ত্রাসের ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট করে তুলেছে। নৃশংস অপরাধের পর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদ করলেও আওয়ামী ক্যাডারদের শেল্টার বন্ধ হচ্ছে না। একই সাথে হত্যা, ছিনতাই, দখল ও হামলার ঘটনা থামছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারছে না, এটি অপরাধীরা বুঝে গেছে। তাই অপরাধের লাগাম টানা যাচ্ছে না। তারা আরো বলছেন, আওয়ামী ক্যাডারদের রাজনৈতিক শেল্টার বন্ধ করতে হবে। আইনের সঠিক প্রয়োগ ও অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে অপরাধের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।


পুলিশ বাহিনী নিয়ে কাজ করছেন একটি গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরে শতাধিক উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ বাহিনীতে ব্যাপক ক্ষমতার দাপট চালিয়েছেন। পতিত সরকারের শীর্ষ পর্যায় ও প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ছিলেন তারা। সরকারের পারপাস সার্ভ করাসহ তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্টিমরোলার চালাতে নির্দেশ দিতেন। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলন দমনেও ডিএমপির পুলিশ কন্ট্রোল রুমে বসে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দিয়ে শিক্ষার্থীদের গুলি করে হত্যাসহ নিষ্ঠুর ভূমিকা রাখতে বাধ্য করেন বিতর্কিত এসব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। ফলে হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর জনরোষে পড়ে পুলিশ সদস্য ও তাদের স্থাপনা। এমন বাস্তবতায় বাহিনীর ভেতর থেকেই এসব দলবাজ পুলিশ কর্মকর্তার বিচার, চাকরিচ্যুতি ও বদলি করে বাহিনীতে সংস্কারের দাবি ওঠে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে মনিরুল-হাবিবের ঘনিষ্ঠ সহযোগী অতিরিক্ত আইজিপি ও ডিআইজিরা পুলিশ সদর দফতর, এসবি ও নৌ-পুলিশসহ বিভিন্ন ইউনিটে এখনো বহাল রয়েছেন। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।


সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের পেছনে কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ করেছেন। ইতোমধ্যে তিনি অনেক টাকা এ কারণে ব্যয় করেছেন। গাজীপুরে সাম্প্রতিক সময়ে খুন ও অস্থীরতার পেছেন তার হাত রয়েছে বলে ধারণা করেছেন অনেকে। তিনি নিজে পলাতক থাকলেও তার অনুসারী ক্যাডাররা এসব অপকর্মে জড়িত। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান পলাতক থেকেও তার অনুসারী সন্ত্রাসীদের দিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন। বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নিয়মিত তার অনুসারীদের বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিরÑ বলে জানিয়েছে একাধিক সূত্র।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের একজন প্রফেসর বলেন, ‘প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডের ফলে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এসব নৃশংস ঘটনা আশপাশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এখন প্রত্যেকেই যে যার মতো ভালো থাকার চেষ্টা করার ফলে সমাজে এসব ঘটনার সম্মিলিত প্রতিরোধ তৈরি হচ্ছে না। সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সেটি করতে না পারলে নির্বাচনেও এর নেতিবাচক প্রভাব পড়বে। পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জোরালোভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)