রোহিঙ্গা সঙ্কট : ইউরোপের ২৮ দেশের জোটের আলাদা বিবৃতি
সমীকরণ ডেস্ক: জেনেভায় এক সম্মেলনে মিলিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে থাকার অঙ্গীকার জানানোর পাশাপাশি তাদের জন্য জরুরি সহায়তা হিসেবে ৩৪ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জাতিসংঘের ঢাকা অফিস জানিয়েছে। কুয়েত ও জাতিসংঘ সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গতকাল সোমবার রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের এই সম্মেলনের আয়োজন করে। ইউরোপের ২৮ দেশের এই জোট আলাদা বিবৃতিতে বলেছে, মিয়ানমারে দমন-পীড়নের মুখে দুর্দশায় পড়া রোহিঙ্গাদের জন্য আগেই তিন কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এর বাইরে মিয়ানমার ও বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য দুই কোটি ১০ লাখ ইউরো ইতোমধ্যে বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সব মিলিয়ে চলতি বছর রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি সাহায্যের পরিমাণ ৫ কোটি ১০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ তৎপরতায় থাকা আন্তর্জাতিক সংস্থাগুলো অক্টোবরের শুরুতে জানায়, জরুরি সহায়তার প্রয়োজন মেটাতে প্রাথমিকভাবে অন্তত ৪৩ কোটি ৪০ লাখ ডলার তাদের প্রয়োজন। কিন্তু সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রতি সপ্তাহেই বাড়ছে। ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ছয় লাখে পৌঁছে গেছে। ফলে বেড়ে গেছে চাহিদাও।
রবার্ট ওয়াটকিনস জানান, অগাস্টের শেষ দিকে রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকে এ পর্যন্ত ১১ কোটি ৬০ লাখ ডলারের যোগান দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তার সঙ্গে এই ৩৪ কোটি ডলারের নতুন প্রতিশ্রুতি যুক্ত হল।
`এর ফলে সাহায্য সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য খাদ্য, আশ্রয়, পানি, পয়ঃনিষ্কাশনের মত জরুরি সহায়তার ব্যবস্থা করতে পারবে; চলমান সঙ্কটের মধ্যে নতুন মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে।`
ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক কমিশনার নিভিন মিমিকা বলেন, প্রাথমিকভাবে সহায়তার যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে হবে।
