ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তার শাশুড়ি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চারুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন- সাইফুল শেখ (৪০), তিনি ওই গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম আগে সাইফুল শেখের কাছ থেকে জমির বায়নানামা করে নেন। পরে সেই জমির স্ট্যাম্প চেয়ে সাইফুলের কাছে গেলে, সাইফুল কিছুক্ষণ পর আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল কাঠের বাটাম দিয়ে সাইফুলকে মারধরকরে। এতে সাইফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনার খবর বাড়িতে পৌঁছালে সাইফুল শেখের শাশুড়ি নেরাদন খাতুন (৬৫) শারীরিকভাবে ভেঙে পড়েন এবং স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জামাইকে মারধরের খবর শুনে শাশুড়ি স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
