ছবির ক্যাপশন:
ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বিএসএফ কর্তৃক আটক এক বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ সুন্দর ক্যাম্পের কমান্ডার, বাংলাদেশের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপি কমান্ডারকে বিষয়টি অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশি ওই নারীকে ভারতে প্রবেশকালে আটক করা হয় এবং তাকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।
বিএসএফ আটক ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উল্লিখিত নারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর বেলা ৩টা ৫০ মিনিটে (বিএসটি) সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ-এর কাছ থেকে গ্রহণ করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিয়ম অনুসারে সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রাতে ঘটনাটি সম্পর্কে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
