চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্লাস্টিক দূষণ নয়, পরিবেশ রক্ষায় সচেতনতার শপথ

আপলোড তারিখঃ 2025-06-26 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার পালিত এই দিবসটির এবারের স্লোগান ছিল ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।


চুয়াডাঙ্গা:


‘পরিবেশ সুরক্ষা, এই হোক আমাদের অঙ্গীকার’-এই প্রত্যয়কে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত হয় নানা কর্মসূচি। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা এবং সিভিল সার্জনের প্রতিনিধি খন্দকার ময়নুদ্দীন।


স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ‘প্লাস্টিক আমাদের জীবনে যেমন সহজতা এনেছে, তেমনি এটি আমাদের পরিবেশের জন্য হয়ে উঠেছে এক ভয়ংকর হুমকি। এখনই সময় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতন হবার।’ আলোচনা সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সানি এবং বড় শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক আহসান আহমেদ।


আলোচনায় বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু সংকটের এই সময়টিতে প্লাস্টিক দূষণ এক মহাসংকট হয়ে দাঁড়িয়েছে। একে প্রতিরোধ করতে হলে পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিতভাবে সচেতনতা ও বিকল্প ব্যবস্থার প্রয়োগ জরুরি। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, ইটভাটা মালিক সমিতি, রাইস মিল মালিক সমিতি, ডায়াগনস্টিক ও চিকিৎসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এবং জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথিরা। মাদ্রাসা পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল হামিদ, ২য় স্থান ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার মুবাচ্ছের আলী এবং ৩য় স্থান একই মাদ্রাসার জয়নাব সুলতানা রেখা। শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ১ম হয় রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসনিম নাওয়াল, ২য় প্রগতি মডেল বিদ্যাপীঠের অনুরাগ দাস সৌম, ৩য় কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ রহমান। খ বিভাগে ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রামিসা তাবাসসুম, ২য় নাবীহা তাহসীন নওমী, ৩য় আফিয়া আক্তার মিলি ও অর্পা দাস। গ বিভাগে ১ম স্থান অর্জন করে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অর্পিতা দাস, ২য় ড্যাফেডিল পারভেজ এবং ৩য় স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইলমা আশ-শিফা রোজা।


সভা শেষে সভাপতির বক্তব্যে শারমিন আক্তার বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক ব্যবহার যেমন আমাদের পরিবেশকে ধ্বংস করছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। সবাইকে একযোগে সচেতন হয়ে এর ব্যবহার পরিহার করতে হবে।’ আলোচনা সভার পর বিশ্ব পরিবেশ দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয় ‘পরিবেশ রক্ষায় সচেতনতার শপথ’-এর মাধ্যমে।


দামুড়হুদা:


দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আব্দুর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, মৎস্য অফিসার বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবাহ, একাডেমি মাধ্যমিক স্কুল সুপার ভাইজার রাফিজুল ইসলাম প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বারোপ করে বলেন, ‘পরিবেশ সুস্থ না থাকলে, আমরা কেউ সুস্থ থাকব না। বর্তমানে প্লাস্টিকের দূষণ বেড়ে যাওয়ার কারণে আমাদের চারপাশের পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন। ক্ষুদ্র বা মাইক্রো প্লাস্টিকের কণা বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে মরণব্যাধি রোগ যেমন ক্যানসার, স্ট্রোক, কিডনি ড্যামেজসহ নানা দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করছে। সুতরাং প্লাস্টিক বর্জ্যসমুহ অবশ্যই সঠিক জায়গায় ফেলতে হবে এবং রিসাইক্লিনের ব্যবস্থা করতে হবে।’



মেহেরপুর:


মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর খান।


‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্যকে ঘিরে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক এস. এম. আশরাফুল হাবীব, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সামাজিক বন কর্মকর্তা এইচ.টি. হামিম হায়দার, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদা, সুবাহ সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মইন-উল-আলম এবং সমাজ ও পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিনিধি শামিমা আখতার।


গাংনী:


গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ৩০ জন শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য নাজমুল হুদা, মেহেরপুর জেলা বিএনপির সদস্য আশাদুজামান বাবলু,  মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইনসারুল হক ইন্সু, গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)