ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া-শিয়ালমারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনের সড়কে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন খাদিমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে- প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং নিজের পছন্দমতো এডহক কমিটি গঠন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল আলী মণ্ডল। তিনি বলেন, প্রধান শিক্ষক শাহাজাহান বিশ্বাস বিদ্যালয়টিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করছেন। যেভাবে খুশি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ শিক্ষক, অভিভাবক কিংবা পরিচালনা পর্ষদের সঙ্গে কোনো পরামর্শ করছেন না। এ ধরনের স্বেচ্ছাচারী আচরণ বরদাশত করা হবে না।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম দুদুল। তিনি বলেন, ‘একজন শিক্ষকের চরিত্র ও কর্মপ্রণালী শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলে। অথচ এখানে যে শিক্ষক আছেন, তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। আমরা এই বিদ্যালয়ের ভবিষ্যৎ রক্ষা করতে চাই। এ অবস্থায় তার অপসারণ ও সুষ্ঠু তদন্ত একান্ত প্রয়োজন।’
আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহসভাপতি আব্দুল আলী মণ্ডল, স্থানীয় যুব নেতা রাকিবুল ইসলাম, বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল আল মামুন প্রমুখ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহাজাহান বিশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানে একক কর্তৃত্ব চালিয়ে আসছেন। নানা দুর্নীতির পাশাপাশি শিক্ষক নিয়োগ, পরিচালনা কমিটি গঠন এবং সরকারি অর্থ বরাদ্দের ব্যবহারে রয়েছে অসংখ্য অনিয়ম। তারা দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শাহাজাহান বিশ্বাসের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
