ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার মনোহরপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে তা অস্বীকার করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের জাহাঙ্গীর হাসান সবুজের (৩২) বিরুদ্ধে। ভুক্তভোগী শারমিন (২৯) জানান, তার স্বামী বিদেশ যাওয়ার সময় সবুজের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। এরপর থেকেই সবুজ তাদের বাড়িতে যাতায়াত শুরু করে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। শারমিনের দাবি, সবুজ তাকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে কিছু কাগজে সই করিয়ে বিয়ে সম্পন্ন করে।
পরবর্তীতে ঘটনা জানাজানি হলে শারমিনের স্বামী তাকে ডিভোর্স দেন। এরপর শারমিন সবুজের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সে ফোন রিসিভ করে না, বাড়িতে গেলেও তাড়িয়ে দেয়। শারমিন বলেন, ‘সবুজের পরিবার বিষয়টি জানে, তাদের বাড়িতে গিয়ে রান্না করেছি, খাইয়েছি। এখন তারা আমার অস্তিত্বই অস্বীকার করছে।’
শারমিন দাবি করেন, তিনি এখন তার তিন সন্তান থেকেও বঞ্চিত, মানবেতর জীবনযাপন করছেন। শারমিন বলেন, ‘থানায় অভিযোগ দিলেও কোনো সহযোগিতা পাচ্ছি না।’ সবুজের মা বলেন, ‘বিয়ে করেছে কি করেনি, আমি জানি না।’
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, ‘বিষয়টি নিয়ে গ্রামের মানুষ বসেছিল। কিন্তু সবুজের মা কোনো বিচার মানতে রাজি নন।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেনের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
