ছবির ক্যাপশন:
ভারত সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে ৫৮ বিজিবি। গত শনিবার থেকে গতকাল পর্যন্ত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অন্তত ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ১৪ ও ১৫ জুন বিভিন্ন বিওপি’র আওতাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় মদ, ইয়াবা ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধারসহ সীমান্ত অতিক্রমের দায়ে একাধিক নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। গত শনিবার রাত ৮টা ১৫ মিনিটে মেদিনীপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৬২/৯-এস এর কাছাকাছি করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি ঝোপের মধ্যে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. ইসলাম আলী। একই দিন রাত ১০টার দিকে উথুলী বিওপি’র আওতায় সন্তোষপুর পশ্চিমপাড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫৫ বোতল ভারতীয় মদ। অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. আলমগীর হোসেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় জীবননগর বিওপি’র আওতায় গোয়ালপাড়া বাজারে অভিযান চালায় বিজিবি। এসময় ১ হাজার ৭৯০ পিস ভারতীয় স্পানিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, গতকাল রোববার সকালে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর নিকট কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে অবৈধভাবে ভারত থেকে ফেরা সাত জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। আটক পুরুষরা হলেন- যশোর জেলার শফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরার আশরাফুল ইসলাম (২৮) ও সাতক্ষীরার মিন্টু গাজী (৪০)।
একই দিন বেলা সাড়ে ১১টায় পলিয়ানপুর বিওপি’র আওতাধীন কাজিরবেড় গ্রামে অভিযান চালিয়ে আরও চারজন (এক পুরুষ, এক নারী ও দুই শিশু) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতক্ষীরার আবদুল্লাহ আল মামুন (৩৯)। এছাড়া দুপুর সাড়ে ১২টায় শ্রীনাথপুর বিওপি’র অধিনন্ত একটি মালটা বাগানের ভেতর থেকে আটক করা হয় আরও তিনজন বাংলাদেশি নাগরিককে। আটককৃতরা হলেন, চট্টগ্রামের সবুজ দাস (৮২) ও পটুয়াখালীর সহিদুল মৃধা ও একজন নারী।
গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পারাপার রোধে বিজিবি’র অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
