ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে অবস্থিত চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় একইসঙ্গে তার ভাইয়ের আটতলা ভবন আসমা টাওয়ারেও ইটপাটকেল ছোঁড়া হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, এটি রাত আটটার দিকে ঘটনা। সরকারি কলেজের দিক থেকে ১০-১৫টি মোটরসাইকেলে একদল যুবক আসে। ওই যুবকেরা সিনেমা হল সড়কের দুই পাশের দুইটি ভবন ‘বিশ্বাস টাওয়ার’ ও ‘আসমা টাওয়ার’-এর দিকে চলন্ত অবস্থায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুটি ভবনের দ্বিতীয় তলার সামনের অংশে থাকা জানালার গ্লাস ভেঙে যায়। ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহীরা বিভিন্ন গলিপথে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এসময় ভবনের সামনের সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ভাঙা গ্লাস ও ইটের টুকরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে জানালার ভাঙা থাই গ্লাস ও ইটের টুকরা পড়ে থাকতে দেখা যায়।’ স্থানীয়দের বরাতে ওসি আরও বলেন, ‘রাত আটটার দিকে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ বছর বয়সী একদল যুবক সিনেমা হল সড়কে আসে এবং আসাদুল হক বিশ্বাসের ভবনের সামনে চলন্ত অবস্থায় ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়।’ তিনি আরও জানান, এ ঘটনায় একটি জানালা ও করিডোরের দুটি থাই গ্লাস ভেঙেছে। তবে কেউ আহত হয়নি এবং এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
