ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ৩য় ম্যাচ
রাজশাহীকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়লো আঞ্চলিক ফুটবলের ঐতিহ্যবাহী দল রাজশাহী জেলা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে রাজশাহীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হওয়ার ঠিক ৬ মিনিট আগে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করে ঝিনাইদহের হয়ে খেলতে আসা নাইজেরিয়ান তারকা ফুটবলার মোরু মোহাম্মদ। একই সাথে টুর্নামেন্টের দু’ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই সমান ভাবে ম্যাচ সেরা নির্বাচিত হয় সে।
ডিসি গোল্ডকাপের শীর্ষ চারে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ঝিনাইদহের বিপক্ষে শুরু থেকেই সচেতন ছিল রাজশাহী। তবে জেলা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের কোন সুযোগ দেয়নি ঝিনাইদহ। কিন্তু খেলায় উভয় দলেই গোল মিসের মহড়া ছিল দেখার মত। তাদের নিস্ফল মহড়া দেখে দর্শকেরা বার বার যে আওয়াজ তুলছিল তা দেখে নিশ্চিত হওয়া যায় খেলায় পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ছিল। প্রথমার্ধে গোলশূন্য হতাশা নিয়ে বিরতিতে যায় দু’দলই। বিরতির পরও আক্রমণ আর পাল্টা আক্রমণে অনেক বার গোলের সুযোগ নষ্ট হয়। ম্যাচে গোলের দেখা না পাওয়ায় অনেকটা গা ছাড়াও দিতে দেখা যায় দু’দলের খেলোয়াড়দেরকে। নির্ধারিত সময়ের ৬মিনিট (৮৪ মিনিটে) আগে আসে সাফল্য। বিপদসীমার অনেকটা কাছ থেকে ভাগ্যক্রমে একটি ফ্রি কিক পায় ঝিনাইদহ একাদশ। ডিফেন্ডার কায়েসের সেই ফ্রি কিক নাইজেরিয়ান তারকা মরু মোহাম্মদের মাথার (হেড) নৈপূণ্যতায় রাজশাহীর জালে ম্যাচের একমাত্র গোল জড়ায়। কায়েসের নিখুত শট আর মরুর হেড দুইয়ের যাদুতে লিড পায় ঝিনাইদহ। এরপর সমতা ফেরাতে শেষ কয়েক মিনিট একের পর এক চেষ্টা করেও, গোল নামক সোনার হরিনের নাগাল পায়নি রাজশাহী। ফলে জয় নিয়েই শীর্ষ চারে পা রাখে ঝিনাইদহ। আর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় রাজশাহী জেলা ফুটবল একাদশের। আগামী ২২ অক্টোবর রবিবার সেমিফাইনালের প্রথম ম্যাচে চুয়াডাঙ্গা জেলা একাদশের মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ত্বরা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে খেলবে সিরাজগঞ্জ জেলা একাদশ ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশন, যশোহর।
