আলমডাঙ্গার মাজু-বকসিপুর মাঠে সড়কে গাছ ফেলে ডাকাত দলের তান্ডব
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মাজুর মাঠে গরু ব্যাপারীরা ডাকাত দলের কবলে পড়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ইবির বালিয়াপাড়া থেকে গরু বিক্রি করে বাড়ির ফেরার পথে ওই মাঠ এলাকায় পৌছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে তাদের লাঠাহাম্বারের গতিরোধ করে ডাকাতদল। এ সময় দেশীয় অস্ত্রের মুখে ব্যাপারীদের মারপিট করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গ্রামের গরু ব্যাপারী খেদ আলীর ছেলে সোমজাদ আলী (৩৫), একই গ্রামের মোস্তাক আলীর ছেলে এনামুল হক (৩৪), বাদল আলীর ছেলে জমজম (৩৭), মৃত নেকবার আলীর ছেলে আরিফুল (৪০) ও আজিবার রহমানের ছেলে শামসুল ইসলাম কুষ্টিয়া ইবির বালিয়াপাড়ার হাটে গরু কেনাবেচা করতে যায়। গরু বেচাকেনার পর তারা সন্ধ্যায় লাটাহাম্বারযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু ও বকসিপুর মাঠের নিকট পৌঁছালে তারা ডাকাত দলের কবলে পড়ে। রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ৭/৮ জনের একদল ডাকাত ব্যাপারীদের মারপিট করে। এ সময় ডাকাতরা এনামুলের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা, সোমাচাদ আলীর কাছে থাকা ৫০ হাজার টাকা, শামসুল ইসলামের কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাত দলের হামলায় এনামুল, সোমচাদ ও শামসুল আহত হয়। পরে পালিয়ে যায় ডাকাতদল। ডাকাত দলের আঘাতে মারাত্মক জখম এনামুলকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার ( সদর সার্কেল) তরিকুল ইসলাম ও আলমডাঙ্গা থানার অফিসার্স ইসচার্জ আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
