ছবির ক্যাপশন:
রোহিঙ্গা সংকটের মধ্যেই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হবে
সংসদ ভেঙে নাকি বহাল রেখে নির্বাচন?
সমীকরণ ডেস্ক: রোহিঙ্গা সংকটের মধ্যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবারের আলোচনা সাম্প্রতিক বছরগুলোর আলোচনার চেয়ে ভিন্নতর হবে। এর আগের নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধী দলের আলোচনা তেমন কোনো অর্থ বহন করেনি। কারণ অংশগ্রহণকারীদের মধ্যে অলিখিত সমঝোতা বা বোঝাপড়া ছিল যে, এই সংলাপ লোক দেখানো। এবারে ধারণা করা হয়, এবারের সংলাপের তাৎপর্য ভিন্ন। এর মূল কারণ মনে করা হয়ে থাকে যে, বিএনপি এবারে ভোটে যাবে। তাই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শর্তের মধ্যে কি মিল কি অমিল সেদিকে অনেকেরই নজর থাকবে। তবে, সংসদ রেখে বা ভেঙে নির্বাচন সে বিষয়ে ছোট দলগুলো মিশ্র অবস্থান ব্যক্ত করেছে। এপর্যন্ত ৩২টি দলের সঙ্গে নির্বাচন কমিশন সংলাপ করেছে। ড. কামাল হোসেনের গণফোরাম সংসদ ভেঙে দেয়ার পক্ষে। বাসদ বলেছে সংসদ ভেঙে ভোট করতে, আবার জাকের পার্টি সংসদ রেখে নির্বাচন চেয়েছে। প্রফেসর এমএ মুকিতের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি সংসদ ভেঙে দেয়ার অনুরোধ ইসিকে সরকারের কাছে পৌঁছাতে বলেছে। তবে, ক্ষমতাসীন মহাজোটের শরিক তরীকত ফেডারেশন বলেছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে অর্ন্তবর্তীকালীন সরকার করতে হবে। সেকারণে সংসদ রেখেই নির্বাচন দিতে হবে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, বাহাত্তরের সংবিধানেই বঙ্গবন্ধু সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছিলেন। এমনকি এজন্য সংবিধানে দুটি বিশেষ বিধান যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন জাতির জনক। ওই বিধান থাকার ফলে এমনকি যুদ্ধাবস্থার আশঙ্কার মধ্যেও নির্বাচনে যেতে সংসদ ভেঙে দেয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আবার বলা হয়েছে, ভেঙে দেয়া সংসদের সদস্যদের মধ্যে যারাই নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তারা তাদের সদস্য পদ হারাবেন না। সেকারণে তরীকত ফেডারেশনের সুপারিশ মতে অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করতে হলেও সংসদ ভেঙে দিলে অসুবিধা নেই।
এদিকে, আগামী ১৫ই অক্টোবর বিএনপি আলোচনা করবে ইসি’র সঙ্গে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার তারিখ ১৮ই অক্টোবরে স্থির আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথম আলোচনা হতে যাচ্ছে এই ধারণার ভিত্তিতে যে, নির্বাচনটি অংশগ্রহণমূলক হতে পারে। বিএনপি যথারীতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানে অটল থাকবে। কিন্তু সেই দাবিতে তারা সংকল্পবদ্ধ কিনা সেবিষয়ে যথেষ্ট বিশ্বাসযোগ্যতার সংকট থাকবে। মনে করা হবে, তারা এটা চাপ দেয়ার জন্য বলছে। সব থেকে জনপ্রিয় মত হলো, বিএনপির সামনে বিকল্প সীমিত। তাই তারা যে কোনো উপায়ে নির্বাচনে যাবে। আর অনেকের মতে এটা ধরে নিয়ে আওয়ামী লীগ যতদূর সম্ভব বিএনপির জন্য প্রতিকূল অবস্থা তৈরির কোনো চেষ্টাই বৃথা যেতে দেবে না। তাদের কৌশল হবে বিএনপিকে নিরুৎসাহিত করা। অনেকে বলছেন, সেনা মোতায়েন বা সেনাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের ক্যাডারদের নিয়োগ করার মতো কণ্টকিত বিষয় ছাড়াও সামনে সংলাপ পর্বে সংসদ ভেঙে নির্বাচন নাকি সংসদ বহাল রেখে নির্বাচন, এই বিষয়টি উত্তপ্ত বিতর্কের বিষয়বস্তুতে পরিণত হতে পারে। কারণ বিএনপি এমনকি ক্ষমতাসীন দলের সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীরা একটি অভিন্ন স্বার্থের বিষয়কে বড় করে দেখতে একমত হয়েছেন। তার কারণ ক্ষমতাসীন দলের এমপিরা যদি এমপি হিসেবেই ভোট করেন, তাহলে সেটা তাদের নিকটতম প্রত্যেক প্রার্থীর জন্য একটি বিরাট নেতিবাচক বিষয় হিসেবে চিহ্নিত হতে পারে। কারণ এমপি মানেই একটি চলমান প্রভাব। পুলিশই যেখানে বিরাট ফ্যাক্টর, সেখানে এমপিরা প্রত্যেকে পুলিশ প্রটেকশন নিয়ে চলতে পারবেন, যা তাদের প্রতিপক্ষের জন্য একটি অব্যাহত অস্বস্তির বিষয়। সেকারণে বিএনপি এবং আওয়ামী লীগের সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীরা আশা করতে পারেন যে, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হলে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে তা সহায়ক হতে পারে। এর বাইরে যদি একটি মোটামুটি বা কিছুটা ভিন্নধর্মী নির্বাচনকালীন সরকার পাওয়া যায়, তাহলে তা আরো বেশি রকমের সুবিধা দিতে পারে ক্ষমতা বলয়ের বাইরে থাকা প্রার্থীদের ।
যদিও ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পরে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বাধা-নিষেধ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো এসব বাধা-নিষেধ লঙ্ঘনের দায়ে কাউকেই তেমন সমস্যায় পড়তে হয় না। কারণ লঙ্ঘনের ঘটনার ব্যাপকতা এতটাই বেশি যে, নির্বাচন কমিশনকে তেমন কোনো পদক্ষেপই নিতে দেখা যায় না। তবে, অনেক পর্যবেক্ষক ধরে নিচ্ছেন যে, সামনের নির্বাচনী বৈতরণী আর যাই হোক অতীতের কোনো মডেলে হবে না। একটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির চেষ্টা ক্ষমতাসীনদের দিক থেকে আন্তরিক হলেও হতে পারে। কারণ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার চ্যালেঞ্জ আওয়ামী লীগ আর যাই হোক একেবারে নিশ্চিন্তে বা যাকে বলে হেসে খেলে উপেক্ষা করতে চাইবে না। কিংবা সেটা করার শক্তিও তাদের নেই। উচ্চ পর্যায়ের নির্দেশনা হলো দুটি। প্রথমত সামনে নির্বাচনকে কঠিন মনে করতে হবে। দ্বিতীয়ত যে কোনো ফলাফল মেনে নিতে হতে পারে।
ওই পটভূমিতে বিএনপি ও জাতীয় পার্টি এবং তাদের মিত্রদের অনেকে সামনের সংলাপকে যে কয়েকটি বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করার জায়গা হিসেবে দেখতে চাইবেন তার মধ্যে জ্বলন্ত হতে পারে, সংসদ রেখে না ভেঙে নির্বাচন সেটা ফয়সালা করা। তবে এটা ক্ষমতাসীন দলের নেতারা পরিষ্কার করছেন যে, সামনের নির্বাচনও সংসদ রেখেই করা হবে। এর বাইরে যাওয়ার কোনো ইঙ্গিত ক্ষমতাসীন দলের নেই।
কিন্তু নির্বাচন কমিশন এই প্রশ্নে একটি বক্তব্য দিতে পারে বলে মনে করা হয়। কারণ সংসদ রেখে না রেখে নির্বাচন সেই বিষয়ে সংবিধান তাকে কথা বলার একটা সুযোগ দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এবং সেটা কি উপায়ে বা কখন হবে সেই বিষয়ে তারা সরকারকে সুপারিশ দিতে পারে। তবে সেটা রাখা বা না রাখা সেটাও আবার সরকারের সাংবিধানিক এখতিয়ার। তবে যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেটা হলো এখনই নির্বাচন কমিশন সরকারের কাছে এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে পারে কি পারে না, সেই প্রশ্ন ফয়সালা করা।
সরকার ও বিরোধী দলের সূত্রে এই প্রশ্নে পরস্পরবিরোধী অবস্থানের একটা ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু তারপরেও সামনের সংলাপে বিএনপি তার মিত্রদের নিয়ে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে জোর দিতে সর্বাত্মক চেষ্টা চালাবে। গত আগস্টের গোড়ায় প্রফেসর বি. চৌধুরীর বাসভবনে বিরোধীদলীয় একটি নির্বাচনী মোর্চার বৈঠবে জাপা’র কো-চেয়ারম্যান জি এম কাদেরকে অংশ নিতে দেখা গিয়েছিল। সেখানেও কথা হয় যে, তারা নির্বাচন কমিশনকে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ প্রশ্নে একটি অবস্থান নেয়ার জন্য অনুরোধ করতে পারে।
সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্রপতি পূর্বে ভাঙ্গিয়া না দিয়া থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে পাঁচ বৎসর অতিবাহিত হইলে সংসদ ভাঙ্গিয়া যাইবে। তবে শর্ত থাকে যে, প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকিবার কালে সংসদের আইন-দ্বারা অনুরূপ মেয়াদ এককালে অনধিক এক বৎসর বর্ধিত করা যাইতে পারিবে, তবে যুদ্ধ সমাপ্ত হইলে বর্ধিত মেয়াদ কোনোক্রমে ছয় মাসের অধিক হইবে না। ৭২ অনুচ্ছেদের (৪) উপ-দফা বলেছে, ‘সংসদ ভঙ্গ হইবার পর এবং সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, প্রজাতন্ত্র যে যুদ্ধে লিপ্ত রহিয়াছেন, সেই যুদ্ধাবস্থার বিদ্যমানতার জন্য সংসদ পুনরাহ্বান করা প্রয়োজন, তাহা হইলে যে সংসদ ভাঙ্গিয়া দেওয়া হইয়াছিল, রাষ্ট্রপতি তাহা আহ্বান করিবেন।’
