ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের গ্রুপ পর্বের ৫ম ম্যাচ
ফরিদপুরের বিপক্ষে রাজশাহীর কষ্ট সাধ্য জয়
নিজস্ব প্রতিবেদক: টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের কোন বিকল্প নেই। তা জেনেই হয়তো ৪ জন নাইজেরিয়ান আর সেনেগালের দু’জন তারকা ফুটবলারকে নিয়ে আসা হয়েছিল প্রতিপক্ষের শিবিরে আক্রমণ চালানোর জন্য। কিন্তু শেষ রক্ষা হলো না! রাজশাহীর হয়ে খেলতে আসা স্বাধীনতা একাদশের তারকা ফুটবলার দিপুর গোলে; হার মানতেই হলো ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা একাদশকে। তবে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে রাজশাহীকে প্রচুর ঘামও ঝরাতে হয়েছে।
বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটির শুরু থেকেই মুহূর্মূহ আক্রমণে স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা ছিল উচ্ছ্বসিত। গ্রুপ পর্বের ৫ম ম্যাচে বিদেশী খেলোয়াড়দের দলে পেয়ে নিজেদেরকে শক্ত প্রতিপক্ষ ভেবে প্রথমেই ভুল করেছিল ফরিদপুর একাদশ। এ ক্ষেত্রে খেলার মাঠে একে অপরের সমন্বয়ের অভাবটাও বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ফুটবল বিশারদরা। খেলার শুরুটা ছিল অবশ্য নিরুত্তাপ। ধীরে ধীরে খেলা জমাতে থাকে রাজশাহী একাদশ। তবে প্রতিপক্ষের অব্যাহত আক্রমণ ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে ফরিদপুরকে। প্রথমার্ধটা তাই দু’দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া করতেই কেটে যায়। বিরতির সময় রাজশাহীর খেলোয়াড়দের মাঠের মধ্যে গড়াগড়ি দেখে অনেকে ভেবেছিল মনে হয় তারা হাল ছেড়েই দিল। কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় সে চিত্র পাল্টে দেয় রাজশাহী দলের ৬ নম্বর জার্সিধারী আক্রমণ ভাগের অন্যতম খেলোয়াড় দিপু। সতীর্থ সাব্বিরের শটটি প্রতিপক্ষের গোলরক্ষক সনি রুখে দিলেও পরবর্তী সুযোগটি কাজে লাগিয়ে একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেয় সে। তবে দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় ডি বক্সের প্রান্ত থেকে ও ২২ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে দু’টি ফ্রি-হিট পাই ফরিদপুর একাদশ। কিন্তু খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাবে তা আর কাজে লাগেনি। এর পরেও গোল পরিশোধে মরিয়া ফরিদপুর একাদশ বার বার আক্রমণ নিয়ে ছুটে যায় প্রতিপক্ষের শিবিরে। প্রতিটি শটই বার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। শেষ মুহূর্তে ফরিদপুরের একটি শট ডি-বক্সের সামনেই ক্লিয়ার করে দেয় রাজশাহীর ডিফেন্ডাররা। এতে ভঙ্গ হয় তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন। দিপুর একমাত্র গোল শুধু রাজশাহীকে জয়ী করেনি, সে নিজেও হয়েছে ম্যাচ সেরা খেলোয়াড়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। বিজয়ী ও পরাজিত দলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ। এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক কৃতী ফুটবলার হাজী মোজাফ্ফর ইসলাম জোয়ার্দ্দার মিঠুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ একই মাঠে বিকাল ৩টায় মুখোমুখি হবে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ জেলা একাদশ।
