ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশাল জনসভা। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সভা সফল করতে জেলা বিএনপি গত কয়েদিন ধরে নানা প্রস্তুতি নিয়েছে। গতকাল বুধবার বিকেলের মধ্যেই মঞ্চ প্রস্তুতসহ সকল আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। এ জনসভায় বিএনপির চুয়াডাঙ্গা জেলা, উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
এদিকে, গতকাল রাতেই চুয়াডাঙ্গায় এসে পৌঁছান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। রাত সাড়ে নয়টায় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার সরোজগঞ্জ দশমাইল বাজারে পৌঁছালে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রা নিয়ে তাদের স্বাগত জানান। পরে চুয়াডাঙ্গা টার্মিলাল এলাকা থেকে আরও একটি শোভাযাত্রা যুক্ত হয়। এসময় নেতারা সমাবেশস্থল জেলা টাউন ফুটবল মাঠ ঘুরে দেখেন।

জনসভা প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতায় ছিল। তারা জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনে সাধারণ মানুষ দিশেহারা হয়েছে তাদের ক্ষমতায়নে। এই অবস্থা থেকে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রতিটি নেতা-কর্মী, নির্যাতন-নিপীড়নের শিকার হলেও জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।’ জনসভা সফল করতে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এটা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মী মাঠে রয়েছে।’
