ছবির ক্যাপশন:
সারা দেশের ন্যায় শীতের দিন ফুরিয়ে আসছে চুয়াডাঙ্গায়। বসন্তের শুরু হলেও হালকা শীতের আমেজ এখনো আছে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, এবার শীত পুরোপুরি বিদায় নিতে চলেছে। আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গাসহ দেশের সব জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর থেকেই গরম অনুভূত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের ৬৪টি জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। গত শুক্রবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে আগামী সপ্তাহে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, ‘চলতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, ফলে শীত কমবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় চুয়াডাঙ্গার তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকবে। এবং ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে।’
তিনি আরও বলেন, ‘২০ থেকে ২৪ ফেব্রুয়ারি দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই গরম অনুভূত হতে পারে।’
চুয়াডাঙ্গা পৌর শহরের স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘গত কয়েকদিন শীত বেশ কম মনে হচ্ছে। সকালে কুয়াশা থাকলেও দুপুরে রোদে গরম লাগে। শুনছি কয়েকদিন পর বৃষ্টি হবে, তারপর নাকি গরম শুরু হয়ে যাবে।’ দেশের শীতলতম এবং ঊষ্ণতম জেলার মধ্যে অন্যতম চুয়াডাঙ্গা। প্রতি বছর শীত এবং গরম দুই সময়েই এখানে দেশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ধারণা, এই বৃষ্টির পর শীত পুরোপুরি বিদায় নেবে।
