ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা/মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুলতাডাঙ্গা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন এরশাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সাদ্দাম হোসেন এরশাদ পুলতাঙ্গা গ্রামের বাছের আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, বুধবার বিকালে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে কাটা বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে। এ সময় বাঁশ বিদ্যুতায়িত হলে সাদ্দাম হোসেন এরশাদ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইন্তাজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী ওই গ্রামের মজু আলীর ছেলে। নিহতের ছোট ভাই উজ্জল আলী বলেন, বাড়ীতে টিউবওয়েলের সাথে বৈদ্যুতিক মোটর লাগানো আছে। পানি তোলার জন্য মোটরের স্যুইচে চাপ দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাত্ক্ষনিক তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইন্তাজ আলীর তিন ছেলে রয়েছে। গাংনী থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আফাজ উদ্দীন নামে গৃহকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৬টার সময় মেহেরপুরে জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগর পশ্চিমপাড়ায় নিজের নতুন দোতালা বাড়ির ছাদে জমে থাকা পানি পরিস্কার করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। তিনি গোপালনগর গ্রামের মৃত শামছুদ্দীন শেখের ছেলে। স্থানীয়রা জানান, আফাজ উদ্দীন বুধবার সাকালে নিজের নতুন নির্মান করা দোতালা বাড়ির ছাদে আগের দিন বৃষ্টির জমা পানি পরিস্কার করার সময় বাড়ির সামনে দিয়ে যাওয়া বিদুৎ এর মেইন লাইনের তারের সাথে যেকোন ভাবে স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতালা থেকে নিচে পড়ে যায়। আশে পাশের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চকশ্যামনগর গ্রামের কাছে তার মৃত্যু হয়।
