ভারতের অভ্যন্তরে বিএসএফ—বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

আপলোড তারিখঃ 2025-02-13 ইং
ভারতের অভ্যন্তরে বিএসএফ—বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক ছবির ক্যাপশন:

ভারতের অভ্যন্তরে কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের উদ্যোগে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি—বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বেলা ২টা ৪৫ মিনিটে বৈঠক শেষ হয়। টানা ২ ঘণ্টার এ বৈঠকে সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা করা হয়।
বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন। বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।
এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সকলে। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়। বৈঠকে বিএসএফ এবং বিজিবির বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা—৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, মহেশপুর—৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, যশোর রিজিওনের স্টাফ অফিসার মেজর আমিনুর রহমান, কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর শফিকুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান প্রমুখ।
অপর দিকে, বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানি কমান্ডার ভিতাশী ও কোম্পানি কমান্ডার ভিড় পাল প্রমুখ। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে আসে। এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)