ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭
সভাপতি পদে মিঠু-মিজাইলের লড়াইয়ের সম্ভাবনা : সুমন পারভেজ এগিয়ে সাধারণ সম্পাদক পদে
নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭। দীর্ঘ ৭ বছর পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সভাপতি-সম্পাদকসহ ১৮ পদে ২৬ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোয়নপত্র দাখিল করেন। এরমধ্যে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জনসহ ১৫ জন কার্যকরী সদস্য পদে মনোনয়ন জমা দেন। তবে যুগ্ম সম্পাদক পদে একজন তার মনোনয়ন তুলে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় অপর দু’জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এদিকে সভাপতি পদে একজন নির্বাচনের বিপরীতে লড়ছেন মো. সালাউদ্দীন মিঠু (বাস) ও মো. মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল (চেয়ার)। সালাউদ্দীন মিঠু এরআগে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন। তিনি ধারণা করছেন এবার সভাপতি পদেও ভোটাররা তাকেই চাইবেন। রাতে অপরপ্রার্থী মিজাইল জোয়ার্দ্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যাক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই নির্বাচন নিয়ে তার মন্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি।
দু’জন সহ-সভাপতি পদে নির্বাচনের বিপরীতে মো. আনোয়ারুল হক (বই), মো.মফিজুর রহমান মুকুল (দেয়াল ঘড়ি), মো. আব্দুল জলিল (আম) ও আশাবুল হক ফিরোজ (গোলাপ ফুল) প্রচার প্রচারণা অব্যহত রেখেছেন।
এদিকে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে সাধারণ সম্পাদক পদে নির্বাচন। গুরুত্বপূর্ণ এ পদে একজন নির্বাচনের বিপরীতে লড়ছেন দু’জন। মো. সুমন পারভেজ (নন্দন) তাঁর প্রতীক মই ও ছাতা প্রতীক নিয়ে মো. জিয়া উদ্দীন। ভোটারদের মৌখিক তথ্য মতে তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রার্থী সুমন পারভেজ গুরুত্বপূর্ণ এ পদে একেবারে নতুন হলেও তাঁর চিন্তা ভাবনা সৃজনশীল। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে তা সকলকে জানান দিয়েছেন। নির্বাচনী প্রচার প্রচারনায়ও তিনি বেশ এগিয়ে।
যুগ্ম সম্পাদক পদে দু’জন নির্বাচনের বিপরীতে ডা. রবিন, মো. তোছাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ মনোনয়ন জমা দেন। তবে পরবর্তীতে ডা. রবিন তার মনোনয়ন তুলে নেওয়ায় অপর দু’জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এ ছাড়াও কার্যকরী ১২ জন সদস্য পদে নির্বাচনের বিপরীতে ১৫ জন প্রার্থী রয়েছেন।
এ নির্বাচনে নিজেদের সেরাটা প্রমাণ করতে একটি প্যানেল ও তাদের বিপরীতে ৭ জন সতন্ত্র প্রার্থী জোর প্রচার প্রচারণা চালাচ্ছেন। নিজেদের প্রতীক সম্বলিত পোস্টার-ব্যানার আর লিফলেট নির্বাচনের বাড়তি আমেজ সৃষ্টি করেছে। চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের অ্যাপ্যায়নের কমতি নেই। সব মিলিয়ে এ নির্বাচন বেশ উৎসবমূখর হয়ে উঠেছে। ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে। নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতীর পর দুপুর আড়াইটা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
