আগামী নির্বাচন অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ- বিএনপি নেতা শরীফ

সরোজগঞ্জে ১১তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে ওয়াজ করলেন আমির হামজা

আপলোড তারিখঃ 2025-01-30 ইং
আগামী নির্বাচন অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ- বিএনপি নেতা শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ শাহাপুর হাজী ওসমান-রাবেয়া এতিমখানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১১তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। গতকাল বুধবার এশার নামাজের পর মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রজব আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামের ছায়াতলে শান্তি ও মুক্তি, এই ছায়াতলে থেকেই আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, ‘ইসলাম শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ন্যায়, ইনসাফ ও মানবিকতার শিক্ষা রয়েছে। বর্তমান সমাজে ইসলামবিরোধী অপশক্তির প্রভাব বৃদ্ধির ফলে তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে, মাদকের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে। আমাদের যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছরে দেশে ন্যায়বিচার ছিলানা, এই সময়ে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত করা হয়েছে। স্বৈরাচারী সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ১৬ বছর দেশে একদলীয় শাসন কায়েম করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, এ দেশের ছাত্রজনতা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনগণের ভূমিকা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মতোই গৌরবময়। এই আন্দোলনে স্বৈরাচার হাসিনা গণহত্যা চালিয়েছে, হাজারো ছাত্র, সাধারণ মানুষ শহীদ হয়েছে। তাদের ত্যাগেই আমরা আবার কথা বলার স্বাধিনতা পেয়েছি। তাদের আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না।’

শরীফুজ্জামান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একমাত্র সুযোগ। দেশবাসী আর কোনো ফ্যাসিবাদী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণের শক্তিতেই দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।’ শরীফুজ্জামান বলেন, ‘১৬ বছরে পিছিয়ে পড়া এই চুয়াডাঙ্গাকে নতুন করে গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে কুরআনের তাফসির ও আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আরটিভির আলোচক হযরত মাওলানা হুসাইন আহম্মেদ মাহফুজ (কুষ্টিয়া)। বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওলিউল্লাহ (ওলি হুজুর), কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম (নজু), জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, সাবেক মেম্বার সালাউদ্দীন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বিল্লাল হোসেন, ব্যবসায়ী ওশন মিয়া, আমিনুল ইসলাম এবং শাহাপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. খন্দকার গোলাম মোস্তফা কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশিক আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুর রহমান মহাবুব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান প্রমুখ।

মাহফিলে প্রধান বক্তা মুফতি আমির হামজা তার তাফসিরে বলেন, ‘পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান।’ তিনি কুরআনের আলোকে নৈতিক ও আদর্শিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে মুসলমানদের সচেতন হওয়ার আহ্বান জানান। এবং মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)