আলমডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে চিৎলা ইউনিয়নে
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতির হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার নিয়োগে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। বিসিআইসি সার ডিলার নিয়োগ নীতিমালার অগ্রাধিকার ক্রমের প্রথমেই সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাকে অগ্রাধিকারের উল্লেখ থাকলেও অদৃশ্য কারণে সেইটি উপেক্ষা করে মেসার্স সালমা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে। নীতিমালায় বলা আছে আবেদনকারী যদি সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হন এবং অন্যান্য যোগ্যতা পূরণে সক্ষম হন তবে তিনি ডিলার নিয়োগ পাবেন। কিন্তু উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি নীতিমালার এই সুস্পষ্ট ব্যাখ্যা অগ্রাহ্য করে কেন দামুড়হুদা উপজেলার স্থায়ী বাসিন্দাকে সার ডিলার নিয়োগে জেলা কমিটির নিকট সুপারিশ করেছে তার কোন ব্যাখ্যা দিতে পারেনি উপজেলা কমিটির সদস্য সচিব হাসিবুল হাসান।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও আইলহাঁস ইউনিয়নে বিসিআইসি সার ডিলার নিয়োগে সংশ্লিষ্টদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান আগ্রহীদের ৬আগস্টের মধ্যে আবেদনপত্র জমাদানের আহবান জানিয়ে গত ২৫জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। চিৎলা ইউনিয়নের সার ডিলার নিয়োগ পেতে চিৎলা বাজারের মেসার্স নাসির ট্রেডার্স, চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী দামুড়হুদা গোপালপুরের সালাউদ্দিনের মালিকানাধীন মেসার্স সালমা ট্রেডার্সসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আবেদন পত্র জমা দেয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি উদ্দেশ্যমূলকভাবে তাদের বাছাই প্রক্রিয়ায় নীতিমালার প্রথম শর্তটি ভঙ্গ করে চিৎলা ইউনিয়নের জন্য চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সালমা ট্রেডার্সকে সার ডিলার নিয়োগ দিতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি নিকট সুপারিশ করে এবং সকল যোগ্যতা পূরণ সত্ত্বেও চিৎলা বাজারের বিশিষ্ট সার ও বীজ ব্যবসায়ী নাসির উদ্দিনের মালিকানাধীন মেসার্স নাসির ট্রেডার্সকে সুপারিশ থেকে বিরত থাকেন বলে অভিযোগ।
অভিযোগে আরও জানা যায়, মেসার্স সালমা ট্রেডার্স ইতোপূর্বে কখনও সার ব্যবসার সাথে যুক্ত ছিল না। তা সত্ত্বেও তাকেই ৮৮ নম্বর দিয়ে ডিলার নিয়োগে উপজেলা বাছাই কমিটি সুপারিশ করে। আর চিৎলা বাজারের প্রকৃত সার ব্যবসায়ী মেসার্স নাসির ট্রেডার্সকে ৮৭ নম্বর দিয়ে যোগ্যতার মাপকাঠিতে পিছিয়ে রাখে। কৃষি মন্ত্রনালয়ের কৃষি অর্থনীতি গবেষনা অধিশাখার ২০০৯ সালের ২ আগস্টের নীতিমালায় আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হলে তাকে অগ্রাধিকারের কথা উল্লেখ রয়েছে। একই নীতিমালায় এও উল্লেখ রয়েছে যে, যদি ইউনিয়নের একজন বাসিন্দা আবেদন করেন ও অন্যান্য যোগ্যতা পূরনে সক্ষম হন। তবে তিনি ডিলার নির্বাচিত হবেন। সে অনুযায়ী চিৎলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা চিৎলা বাজারের সার ও বীজ ব্যবসায়ী মেসার্স নাসির ট্রেডার্সকে ডিলার নিয়োগ দিতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিকট সুপারিশসহ প্রেরণের কথা। কিন্তু, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি নীতিমালার অগ্রাধীকার ক্রমের প্রথম শর্তটি অগ্রাহ্য করে অন্যান্য শর্তে মার্কিং করে মেসার্স ট্রেডার্সকে নাসির ট্রেডার্সকে ৮৭নম্বর দিয়ে পিছনে ফেলে ও মেসার্স সালমা ট্রেডার্সকে ৮৮ নম্বর দিয়ে কৌশলে নিয়ম ভেঙ্গে এগিয়ে রেখে ডিলার নিয়োগে সুপারিশ করে। এতে সংক্ষুব্ধ হয়ে নাসির উদ্দিন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে ১০ সেপ্টেম্বর আবেদন করেন।
সংক্ষুব্ধ নাসির উদ্দিন বলেন, আমি চিৎলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং এই বাজারের একজন পুরানো সার ও বীজ ব্যবসায়ী। আমি সকল শর্তপূরণ সত্ত্বেও আমাকে ডিলার নিয়োগে সুপারিশ না করে অন্য থানার বাসিন্দা সালাউদ্দিন মিয়াকে সুপারিশ করে উপজেলা কমিটি। তাই উপজেলা কমিটির নীতিমালা লঙ্ঘন করে বেআইনী সুপারিশ বাতিল চেয়ে আমাকে নিয়োগ দিতে ডিসি স্যারের কাছে আবেদন করেছি। আমার বিশ্বাস ডিসি স্যার নীতিমালা বিবেচনায় উপযুক্ত সিদ্ধান্ত নিবেন।
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান জানান মেসার্স সালমা ট্রেডার্স চিৎলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয়, এটি সঠিক। কিন্তু অন্যান্য যোগ্যতায় তিনি অন্য আবেদনকারীদের থেকে উপযুক্ত বিবেচনায় তাকে ডিলার নিয়োগে সুপারিশ করা হয়েছে। যদি কোন আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হন এবং অন্যান্য যোগ্যতা পূরণে সক্ষম হন, তবে তাকে ডিলার নিয়োগ দিতে নীতিমালায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে- এমন প্রশ্নের কোন সদুত্তর না দিয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তের পূনঃউল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কয়েকজন সদস্য নাম না প্রকাশের শর্তে জানান ডিলার নিয়োগের এই সুপারিশ গ্রহনে আমাদের কোন ভূমিকা ছিল না। কমিটির সভায় এই সিদ্ধান্ত আমাদের শুধু পাঠ করে শোনানো হয়েছে।
সার ডিলার এ্যাসোসিয়েশনের এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে বলেন চিৎলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার নিয়োগে মেসার্স সালমা ট্রেডার্সকে উপজেলা কমিটির সুপারিশ সঠিক হয়নি। এতে সার ডিলার নিয়োগ নীতিমালা লঙ্ঘিত হয়েছে। সালমা ট্রেডার্স যেহেতু ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয় এবং এই ব্যবসায় তার পূর্ব অভিজ্ঞতাও নেই। সে কারণে এই প্রতিষ্ঠান ডিলার নিয়োগ পেতে পারে না।
