ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ এবং জেলা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাঈফ গভীর রাতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন। গতকাল সোমবার দিবাগত রাতে কনকনে শীতে এই কর্মকর্তারা ভাসমান শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে উষ্ণতার পরশ কম্বল বিতরণ করেন। প্রকৃত শীতার্তরা এই মহতী উদ্যোগে অত্যান্ত খুশি হয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে দু’হাত তুলে দোয়া করেন।
এসময় ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শীতবস্ত্র আমরা শীতের প্রকৃত ভুক্তভোগীদের মাঝে বিতরণ করছি। এই উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্য আমাদের এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে শীতের তীব্রতা থেকে সবাই সুরক্ষিত থাকে।’
এ বছর চুয়াডাঙ্গা জেলায় ৩০ লাখ টাকা এবং ১০ হাজার পিস কম্বল বরাদ্দ এসেছে। যা সরকারিভাবে উপজেলা ও পৌরসভার মাধ্যমে বিতরণ কার্যক্রমের আওতায় চলছে। জেলা প্রশাসক জহিরুল ইসলামের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ প্রতিদিন রাতেই শীতবস্ত্র বিতরণের জন্য বের হচ্ছেন।
গতকাল সোমবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ, ডিঙ্গেদহ, ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
