ছবির ক্যাপশন:
‘সবার আগে বাংলাদেশ’, ‘জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন’- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলে নেতা-কর্মীরা ‘সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ’ এছাড়াও বিভিন্ন স্লোগান দেন। পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মাসুদ অরুণ। মিছিল শেষে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি মাসুদ অরুণ বলেন, ‘ষড়যন্ত্র এখনো চলছে। মেহেরপুরে জেলা বিএনপির কমিটি নিয়ে কোনোরকম ষড়যন্ত্রকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আপনারা বলেছেন, ঘরে বসে কমিটি হবে। কিন্তু এখনই পদ-পদবি বিক্রি করছেন। ঘরে বসে কোনো কমিটি হবে না। কমিটি হবে প্রকাশ্যে শামসুজ্জোহা পার্কে, জনগণের সামনে।’ তিনি আরও বলেন, ‘জনগণ উত্তর দেবে, জনগণ জেগেছে, জনগণ জাগছে। জনগণের কথা হবে শেষ কথা।’
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ মেহেরপুর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
