চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচরায় কর্মীসভায় জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচরায় কর্মীসভায় জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ডের কুলাচারা গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুলচারা গ্রামের উত্তরপাড়া মহল্লায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক হিসাবরক্ষক আবু বক্কর বিশ্বাস। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় শফিউল ইসলামকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট কুলচারা উত্তরপাড়া মহল্লা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক লুকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান সুপ্পা ও সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদকে স্মরণ করে বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ফিরে পেয়েছি, যাদের কারণে আমরা আজ আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, রাষ্ট্র সংস্কারের সুযোগ পেয়েছি, কুলচারার এই মহল্লায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাদের ঋণের কথা আমরা বাঙালি জাতি কখনই ভুলবো না। ভুলা সম্ভবও না।’
শরীফ বলেন, ‘স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধু এই দেশকে না, সমাজের প্রত্যেকটি স্তরকে ধ্বংস করে ফেলেছে। বিগত দিনে আমরা নির্বাচন, সামাজিক অনুষ্ঠান, সামাজিক সালিশ সভার জন্য আমরা খুঁজেছি, এ সমাজের মান্যবর ব্যক্তি, মুরুব্বী ব্যক্তি বা গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে। তার কাছে এসে আমরা ভোটের কথা বলেছি, সামাজিক রীতিনীতি আদর্শের কথা শুনেছি। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেখানেও ছাড় দেয়নি। সমাজের সকল স্তরকে ধ্বংস করে ফেলেছে স্বৈরাচার হাসিনা ও তার দোসররা।’
বিএনপি নেতা শরীফ বলেন, ‘বিগত ১৬ বছর আমরা দেখেছি, যে ছেলেটা নেশাগ্রস্ত, যে ছেলেটা সমাজের সবচেয়ে বেয়াদব, যে ছেলেটা মুহূর্তের মধ্যে মানুষকে অপমান করতে পারে, তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়েছে। তাদের দিয়ে সামাজিক কাজ পরিচালনা করা হয়েছে। যেখানে আমাদের মুরুব্বিরা রয়েছেন, তারা তাদের মানসম্মান ও ইজ্জতের ভয়ে, ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার ভয়ে আমরা সবাই নিরব হয়ে গিয়েছিলাম। আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছিলাম। পছন্দ না করলেও আমাদের মুখ খোলার বা প্রতিবাদ করার কোনো সাহস ছিল না। বিএনপির নেতা-কর্মীরাও স্তব্ধ হয়ে গিয়েছিল।’
শরীফ বলেন, ‘যখন সমাজের রন্ধে রন্ধে স্বৈরাচার হাসিনা সরকারের অত্যাচারা ছড়িয়ে ছিল, ঠিক সময় দল আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি সেই দায়িত্ব রক্ষা করতে পেরেছি কি না জানি না। তবে আমি সবসময় দলীয় নেতা-কর্মীদের পাশে থেকেছি। এখনও আছি, আগামীতেও থাকব ইনশাল্লাহ।’ তিনি আরও বলেন, ‘দলীয় পদ আর নির্বাচন এক জিনিস নয়, দল আমাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে। আমি সাংগঠনিক দায়িত্ব পালন করছি, দল যাকে নমিনেশন দিবে আমি বা আমার সংগঠন তার পক্ষেই কাজ করব। বিএনপি একটা বড় দল, এখানে প্রতিযোগিতা থাকবে। দলীয় বিভেদ থাকবে না। আমরা সবাইকে নিয়ে আগামী দিনের নির্বাচনে অংশ নেব।’ তিনি স্বৈরাচার সরকারের নির্যাতনের কথা বলতে গিয়ে বলেন, ‘আমি স্বৈরাচার সরকার পতনের শেষের দিকে একটি বাড়িতে পালিয়ে ছিলাম। তার পাশের মসজিদেই জুম্মার নামাজের আজান হচ্ছিল, নামাজ হচ্ছিল, আমি সেই নামাজেও অংশ নিতে পারিনি। কারণ আমি নামাজ পড়তে গেলেই স্বৈরাচারের দোসর পুলিশ বাহিনী আমাকে ধরে নিয়ে যাবে। আমাকে ধরে নিয়ে গেলে আমার কর্মীরা মনোবল ভেঙ্গে ফেলবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছে। সেই ৩১ দফার মধ্যে সবকিছু আছে। আগামী মাস থেকে আমরা প্রত্যেকটি ইউনিয়, গ্রাম ও মহল্লায় মহল্লায় বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে ক্যাম্পেইন করব।’
সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাসিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর শেফালী বেগম। সভায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিমন হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন, হাফিজুর রহমান, আকবার বিশ্বাস, আনোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)