ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আসন্ন তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপনের লক্ষ্যে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং ট্যালেন্ট হান্টসহ বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মেলা ও সাংস্কৃতিক উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। সভায় তারুণ্যের উৎসবের রূপরেখা প্রণয়নসহ ৫ দিনব্যাপী বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসবের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- পিঠা উৎসব, চারুশিল্প, কুটির শিল্প প্রদর্শনী, বইমেলা, ক্রীড়া প্রতিযোগিতা, ঝাপান গান, লাঠি খেলা, কবিগান এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খান এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিনিধিবৃন্দ।
এদিকে, বিকেল চারটায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ট্যালেন্ট হান্ট উপ-কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে ট্যালেন্ট হান্ট বিষয়ক আরেকটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃত্তি প্রদান, প্রতিযোগিতার কাঠামো এবং বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় মাঠ পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় ভি জে স্কুল (চাঁদমারি) মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খান এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে জিরো ওয়েস্ট বি গ্রেড চুয়াডাঙ্গার আয়োজনে এই কার্যক্রম শুরু হয়। এর পরবর্তী ধাপে জেলার বিভিন্ন খেলার মাঠ পরিষ্কার করে খেলাধুলার মাধ্যমে তারুণ্যের জাগরণকে ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ওয়াকথন প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশু সদনের শিক্ষার্থীদের বাজানো ব্যান্ডের তালে তালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
