আন্দুলবাড়ীয়ায় স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে আ.লীগের উস্কানিমূলক লেখা

আপলোড তারিখঃ 2025-01-02 ইং
আন্দুলবাড়ীয়ায় স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে আ.লীগের উস্কানিমূলক লেখা ছবির ক্যাপশন:


জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ এমন উস্কানিমূলক লেখা প্রদর্শিত হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতারা বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনার পরপরই উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সাইনবোর্ডে লেখাটি ভেসে ওঠে।
এ ঘটনায় জীবননগর থানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার খবর পাওয়ার দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (জীবননগর-দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। এছাড়াও জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের খান, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সাখাওয়াত হোসেন এবং স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।
এদিকে, এ ঘটনার পর জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম এবং আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান। তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ডটি স্থাপন করে, যেখানে সাধারণত শিক্ষামূলক বাণী প্রদর্শিত হতো। তবে এই প্রথমবারের মতো এমন উস্কানিমূলক লেখা দেখানো হয়। তিনি আরও জানান, এ ঘটনার পর সাইনবোর্ডটির বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে এক্সপার্টরা পরীক্ষা শুরু করবেন।
উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, সাইনবোর্ডটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস দ্বারা পরিচালিত হয় এবং ধারণা করা হচ্ছে কেউ অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এই লেখা বসিয়ে দিয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং তদন্ত অব্যহত রয়েছে।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
এদিকে, এই ঘটনা মুহূর্তেই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। এমন উস্কানিমূলক লেখা প্রদর্শিত করায় স্থানীয়রা জনতা ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)