ছবির ক্যাপশন:
ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে পারেনি সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বুধবার সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারলেও সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বই বিতরণ ২০২৫-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা শিক্ষা অফিসের আয়োজনে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে বই বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী এবং চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন। বই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়া হয়।

এদিকে, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বছরের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ উপস্থিত থেকে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরে হাতে বই তুলে দেন।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ফারুক উদ্দিন, ইউআরসির ইন্সট্রাকটর আব্দুল মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিএম মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষার ভিত শক্ত না হলে আগামী প্রজন্ম ঠিক মতো গড়ে উঠতে পারবে না।’ তিনি প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ২০২৫ শিক্ষাবর্ষে মেহেরপুর জেলায় ৭৯ হাজার ৭৫৬ শিক্ষার্থীর জন্য ৩ লাখ ৪৪ হাজার ৬৮৮টি বিতরণ করা হবে।

অন্যদিকে, বই উৎসবের মধ্যদিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যাপিত হয়েছে নতুন বছরের প্রথম দিন। গতকাল সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনকালে জেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।
এদিকে শহরের পাগলাকানাই এলাকায় সরকারি শহীদ মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন দাতা সদস্য মাহফুজুর রহমান হাসান। এ সময় প্রধান শিক্ষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবছর জেলার ৬ টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১০ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ১৫ লাখ বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।
