ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ছেলের প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ বছর ধরে আশরাফুল ইসলামের ছেলে আরাফাত তার প্রেমিকা কলেজছাত্রীর সাথে মেলামেশা করে আসছিল। গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী কলেজছাত্রী বিয়ের দাবি নিয়ে আরাফাতের বাড়িতে গেলে তারা তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় প্রেমিকা কলেজছাত্রী তার প্রেমিক ও প্রেমিকের বাবাকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল শুক্রবার সকালে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে।
এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে আরাফাতের সাথে কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তাদের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা ও কথাবার্তা হয়েছে। এক পর্যায়ে আরাফাত বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীর সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে। তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ব্লাকমেইল করে তার নিকট টাকা দাবি করতো। টাকা দিতে না চাইলে আরাফাত বিয়ে করবে না বলে ভয় দেখাতো। কয়েকদিন আগেও আরাফাত ওই কলেজছাত্রীকে মিথ্যা কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে এবং তার মোবাইলটি আরাফাত রেখে দেয়। এরই মাঝে ভুক্তভোগী জানতে পারেন আরাফাত তাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করছে। খির খাচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে।
এসময় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী কলেজছাত্রী আরাফাতের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। পরে আরাফাতের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে মারধর করে বের করে দিলে তিনি বাদী হয়ে আলমডাঙ্গা থানায় আরাফাত ও তার পিতা আশরাফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গতকালই আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
