অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2024-12-27 ইং
অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দীঘলগ্রামে প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গ্রামটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গ্রামটি পুরুষশূন্য। মামলার আসামিদের বাড়িতে কেউ নেই। এই সুযোগে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অর্ধশতাধিক সরকারি দালান বাড়ি গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মানবিক বিপর্যয় ঘটেছে দীঘলগ্রামে। বাড়িতে থাকতে না পেরে এই শীতে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত মানুষ। তারা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেও পুলিশ নিরাপত্তা দিতে পারেনি।

দীঘলগ্রামটি ঘুরে দেখা গেছে, রহিম মোল্যার ছেলে টিপু সুলতান, টিটুল, মিটুল, মনো মোল্যার ছেলে মজনু, ফজলু, বিল্লাল, ছনো মোল্যার ছেলে নুর ইসলাম, হবিবার মোল্যার ছেলে মাসুদ, সুজন, মোখলেচ মোল্যার ছেলে তুষার, লিটন, ইব্রাহীম মোল্যার ছেলে চয়ন, মণ্টু মোল্যার ছেলে জাহাঙ্গীর, আনোয়ার, দুলাল মোল্যার ছেলে লাকু, সাহেব আলী, ফটিক মোল্যার ছেলে হকছদ্দি, মাহাতাব, বক্কার মোল্যার ছেলে বাচ্চু ও ফিরোজ, মঙ্গল মোল্যার ছেলে রাজ্জাক, আফাঙ্গীর, জেনারুল, হামিদুর, নয়ন মোল্যার ছেলে বজলু, নজরুল, সাদ্দাম, গোলাম নবীর ছেলে লাল্টু, লাড্ডু, ইছাহাক মোল্যার ছেলে রেজাউল ও হাফিজুলের বাড়িঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। এসব পরিবারের শতাধিক সদস্য মানবেতর জীবন কাটাচ্ছেন।

দীঘল গ্রামের সিদ্দিক মোল্যার স্ত্রী কুলসুম বেগম জানান, গত ৬ ডিসেম্বর বিকেলে গরু চুরির ঘটনায় বাহারুল মোল্যা ও রহিম মোল্যার পরিবারের মধ্যে নারীদের ঝগড়া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বাহারুল সমর্থক বাদশা মোল্যা আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ৯ ডিসেম্বর মারা যান। এ ঘটনার পর থেকে বাদশা মোল্যার সমর্থকরা তাদের বাড়িঘরে হামলা চালিয়ে একতলা বিল্ডিংসহ প্রায় অর্ধশতাধিক বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বর্তমানে তারা অন্যত্র আত্মীয়ের বাড়িতে কষ্টে জীবনযাপন করছেন।

দীঘল গ্রামের টিপু সুলতানে স্ত্রী টুম্পা খাতুন বলেন, ‘আমরা যদি অন্যায় করে থাকি, তাহলে তার বিচার হোক। কিন্তু আমাদের বাড়িঘর তো আর অন্যায় করেনি। সবই ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।’

বাড়িঘর ভাঙচুরের বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, সামাজিক বিরোধে যেকোন হত্যার পর বাড়িঘরে হামলা ও ভাঙচুর এটা শৈলকুপার সংস্কৃতি। বাদশা নিহতের পর অভিযুক্তদের মালামাল তারা নিজেরা প্রশাসনের সহযোগিতায় নিরাপদে সরিয়ে নেয়। তবে যারা প্রতিপক্ষরা ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এ সুযোগে রাতের আধারে কিছু দুর্বৃত্ত বাড়িঘরে হামলা চালিয়েছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্তরা যদি কোনো অভিযোগ দেয় তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। ওসি আরও জানান, দীঘল গ্রামের বাদশা মোল্যা নিহতের ঘটনায় তার ভাই মিরাজ মোল্যা বাদী হয়ে ৩৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ২৭ আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)