ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহর সমাজসেবা কার্যালয়ের সকল সদস্যের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় মূল আলোচ্যসূচির মধ্যে ছিল- বিগত সভার কার্যবিবরণী পাঠ, আলোচনা ও অনুমোদন, নতুন আজীবন সদস্য অন্তর্ভুক্তি ও অনুমোদন, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, গঠনতন্ত্র সংস্কার, বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা ও অনুমোদন এবং বিবিধ সিদ্ধান্ত গ্রহণ।
চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে এই কমিটিকে কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র চালানো হয়েছিল। তারা অনেকাংশে সফলও হয়েছিল। তবে সেই অধ্যায় এখানেই শেষ। এখন থেকে আর কোনো কমিটি সিলেকশনের মাধ্যমে গঠিত হবে না। কমিটির প্রতিটি সদস্যের সম্মিলিত ভোটের মাধ্যমে আগামী দিনে নেতৃত্ব নির্বাচন করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটি কেবল একটি সংগঠন নয়, এটি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার একটি প্ল্যাটফর্ম। প্রত্যেক সদস্যের উচিত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজসেবার মূল চেতনা হলো সকলের উপকারে কাজ করা। এ চেতনা বাস্তবায়নেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
প্রধান অতিথি উপস্থিত সদস্যদের সতর্ক করে বলেন, ‘যে কোনো রকম স্বজনপ্রীতি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার এ কমিটিতে ঠায় পাবে না। আমাদের লক্ষ্য সমাজে স্বচ্ছতা, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন এবং সমাজের উন্নয়নে নিজেদের সর্বোচ্চটা দিন।’ এসময় তিনি নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে একসঙ্গে কাজ করে একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা শহর সমাজসেবা অফিসার নাজমুল হোসেনের সঞ্চালনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন শহর সমাজসেবা অফিসার নাজমুল হোসেন। নতুন পাঁচজন আজীবন সদস্য অন্তর্ভুক্তিসহ এই সভায় উপস্থিত সকল সদস্যদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়। শহর সমাজসেবা কার্যালয়ের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল জব্বার সোনা, সহসভাপতি হিসেবে শহীদুল ইসলাম রতন, অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও রওফুন নাহার রীনা, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (পদাধিকার বলে), যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান ঝণ্টু, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। এছাড়াও ভোটের মাধ্যমে নির্বাহী সদস্য মনোনীত হন হাবিবুর রহমান মঙ্গল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মনোনীত (অনির্ধারিত), সাঈদ হাসান নিবন্ধীকরণ কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত, অ্যাড. মো. আসাদুজ্জামান চুয়াডাঙ্গা জেলা/উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত ও চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃক মনোনীত ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল।
