ছবির ক্যাপশন:
জীবননগরে যৌন হয়রানি, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বাঁকা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসনের দরজা সবসময় মানুষের জন্য খোলা। আপনারা আপনাদের যে কোনো সমস্যার কথা আমাদের বলতে পারেন। আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করার। অনেকেই ১৭ বছরের বৈষম্যের কথা বলেছেন, কথা বলতে পারেন নাই। আপনারা জানেন, সবকিছু সিস্টেমেটিক জানাতে হয়। আপনারা আসেন, আমাদের জানান। তবে বিশৃঙ্খলা কেউই পছন্দ করে না। আমরাও করি না, আপনারাও করেন না।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকবুল হাসান, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, মিনাজপুর মসজিদের পেশ ইমাম নাজমুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
