ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দিয়েছেন।
অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের মোট ৩৫টি হিসাব এবং চুয়াডাঙ্গা জেলা সঞ্চয় অফিসের ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেছেন। এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে লেনদেন করা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অবৈধ অর্থ বিদেশে পাচার বা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ কারণেই তার ব্যাংক হিসাবগুলো এবং সঞ্চয়পত্র অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
