ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত।’ গতকাল রোবাবর বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে গাংনী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোবারক হোসাইন আরও বলেন, বর্তমানে দেশকে টিকিয়ে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিল। এই সরকারকে হটাতে বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে জামায়াতের সকল কর্মী ও সমর্থকদের সজাগ থাকতে হবে। ভারতের কৌশলে বাংলাদেশকে পঙ্গু করতে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা হত্যা এবং এ দেশের যুব সমাজকে ধ্বংস করতে দেশে প্রতিটি আনাচে কানাচে মাদক ছড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা।
মোবারক হোসাইন বলেন, আওয়ামী লীগ বাকশালী, ডামি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে, ব্যাংকে কোনো টাকা নেই। দেশের মানুষ অনেক কষ্টে রয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষেরা হিমশিম খাচ্ছে, একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার।
সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির জারজিস হুসাইন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন ও মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামী গাংনী উপজেলায় এই প্রথম কর্মী সম্মেলন করল। এদিকে, জামায়াতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে এসে সম্মেলনে যোগদান করেন।
