চুয়াডাঙ্গায় ১৬তম ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
চুয়াডাঙ্গায় ১৬তম ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ‘বিশ্বজুড়ে মুসলমানদের ওপর যে নির্যাতন চলছে, তা বন্ধ করার জন্য আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জীবন হতে হবে এমন, যা অন্য ধর্মের মানুষের জন্যও উদাহরণ হয়ে থাকবে। ইসলামের পূর্ণাঙ্গতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজে ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারি। ইসলাম শুধু মুসলিমদের কথা বলে না, ইসলাম সারা বিশ্বের মানুষের মুক্তির কথা বলে। আল কুরআন অনুসরণ করলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।’
গতকাল শনিবার এশার নামাজের পর চুয়াডাঙ্গা টাউন ফুটল মাঠে জেলা উলামা পরিষদ আয়োজিত ১৬তম ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইসলামী মহাসম্মেলনে জেলার আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে ইসলামী সংগঠনের নেতা-কর্মীরা মহাসম্মেলন স্থলে আসতে শুরু করেন, যা জনসমাগমে রূপ নেয়। জেলা টাউন ফুটবল মাঠে জনসমাগমের কারণে সামনের সড়ক, কবরী রোড, কলেজ সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ইসলামী এই মহাসম্মেলনকে কেন্দ্র করে এসব সড়কের দুপাশে শত শত ভ্রাম্যমাণ খাবারের দোকানের ঠায় হয়। মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
সম্মেলনে আল্লামা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশকে ইসলাম শূন্য করতে নানা ষড়যন্ত্র চলেছে। এই দেশে ‘বাহাত্তরের চেতনাকে’ ‘একাত্তরের চেতনা’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঠিক একই কায়দায় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ইসলামের জীবনব্যবস্থা সঠিকভাবে অনুসরণ করলে শুধু পার্থিব কল্যাণই নয়, আখিরাতের সফলতাও অর্জন করা যায়। যারা ইসলামের নামে অন্যায় করে, তারা ইসলামের প্রকৃত শত্রু।’
বিশ্বের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আজকের পৃথিবীতে যে অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তা কেবল আল কুরআনের শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাধান করা সম্ভব। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা যাকাত, সাদাকাহ এবং সুদবিহীন লেনদেনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যা সমাজের দরিদ্র শ্রেণিকে অর্থনৈতিকভাবে সুরক্ষা প্রদান করতে পূর্ণাঙ্গরুপে সক্ষম।’
আল্লামা মামুনুল হক তাঁর বক্তব্যে ভারতের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। তিনি ভারতে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে মুসলমানদের ওপর বারবার হামলা ও হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি এ ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই ধরনের বর্বরতা শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং এটি ধর্মীয় সহনশীলতার পরিপন্থী একটি কাজ। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ কারো ওপর আঘাত হানে না। কিন্তু আমাদের ধর্ম এমন কথা বলে না। আমাদের ধর্ম যে কোনো দেশে যে কোনো ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা বলে।’
তিনি আরও বলেন, ‘আজকের পৃথিবীতে বিধর্মীরা মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এর চেয়েও দুঃখজনক হলো, কিছু নামধারী মুসলমান ইসলামের পিঠে ছুরিকাঘাত করছে। তারা নিজেদের স্বার্থে ইসলামের মূল শিক্ষা ভুলে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইসলামের শিক্ষা হলো শান্তি, ন্যায়বিচার এবং মানবতার কল্যাণ।’
মুসলমানদের মধ্যে ভেদাভেদ ও বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যের অনেকেই মূলত শত্রুদের সুযোগ করে দিচ্ছে। আজকের সময়ে কুরআন ও সুন্নাহর শিক্ষার প্রতি ফিরে আসাই আমাদের একমাত্র পথ। আমাদের ধর্ম মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। ইসলামকে অনুসরণ করলে সমাজে কোনো ধরনের অন্যায়, অবিচার বা নির্যাতন থাকবে না। একমাত্র আল্লাহর বিধানের ওপর নির্ভর করলেই আমরা প্রকৃত মুক্তি লাভ করতে পারব।’
উলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ঢাকা মিফতুহুল উলুম মধ্যবাড্ডা মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুল মজিদ কাশেমী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)