চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-19 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পাঁচ থানা এলাকায় শীতার্তদের মাঝে ২০০টি কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। গতকাল রাত নয়টার পর দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও দর্শনা থানা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলা। কম্বল বিতরণকালে তিনি বলেন, ‘এই প্রচণ্ড শীতে সকল শ্রেণি-পেশার মানুষের শীতার্তদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সে আলোকে জেলা পুলিশের সাধ্য অনুযায়ী অল্প পরিসরে কিছু মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। জেলা পুলিশ শীতার্তদের পাশে থাকবে।’ তিনি বলেন, ‘সুযোগ পেলে পরবর্তীতে আরও কম্বল দেওয়া হবে।’


এরআগে রাত ৮টায় চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) (পুলিশ সুপার পদে পদন্নিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলার নির্দেশে একযোগে জেলার পাঁচ থানায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়।

``


উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় ইতোমধ্যেই তীব্র শীতের প্রকোপ শুরু হয়েছে। এই শীতে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষ যারা কম্বলের অভাবে শীতে কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক এবং মানবিক দায়িত্ব। চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানার অধীন শীতার্ত মানুষদের জন্য এই কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছি। এটি জেলা পুলিশের পক্ষ থেকে একটি ধারাবাহিক উদ্যোগ। আমরা চেষ্টা করব, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যহত রাখতে।’


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান, অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী, ইন্সপেক্টর রিপনসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া, রাত নয়টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে বৃদ্ধ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

``

এদিকে, দর্শনা থানা এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীধ তিতুমীর, দামুড়হুদা থানা বিএনপির ৪ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার দুপুর থেকে শহরের একাডেমি মোড়, বড় মসজিদ সংলগ্ন মাঠ, ছাগল ফার্মপাড়া, মাদরাসাতুন নুর মাদরাসার মাঠ, এতিমখানাপাড়া, বেলগাছি শাপলা চত্বর, সুমিরদিয়া আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ জেলা শাখার মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এ তথ্য জানান।

``

সংগঠনটির সভাপতি মাওলানা বশির আহমাদ বলেন, ‘ ভৌগলিক কারণে এই জেলায় শীত ও গরম উভয় কালেই অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা প্রচণ্ড কষ্ট সহ্য করেন। উলামায়ে কেরামসহ ও অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।’ শীতার্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জানেন, সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন দ্বীনি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজ আপনাদের জন্য সামান্য কিছু উপহারের (শীতবস্ত্র) ব্যবস্থা করেছি, আগামীতেও এই ধারা অব্যহত থাকবে ইনশা-আল্লাহ।’

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা নুরুদ্দিন, মুফতি শোয়াইব আহমাদ কাসেমী, সহসভাপতি মাওলানা হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, জহিরুল ইসলাম, জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা যুবায়ের প্রমুখ।


এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইউনিয়ন আমির মোশারফ হোসেনের সভাপতিত্বতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আবুল কালাম, আমিনুল ইসলাম মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন সেক্রেটারি শাহিন আলমসহ বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)